রাজধানীতে নির্বিচারে গাড়ি ভাঙচুর জামায়াত-শিবিরের

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও তাঁদের নিরাপত্তার দাবিতে কর্মসূচি দিয়ে গতকাল শনিবার রাজধানীর মেরুল বাড্ডায় মিছিল নিয়ে বের হয়ে নির্বিচারে গাড়ি ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। মোহাম্মদপুরে জামায়াতের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে দেশের আর কোথাও এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে লাঠিসোঁটা নিয়ে শতাধিক জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি মেরুল বাড্ডার দিকে যাওয়ার সময় সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তারা কয়েকটা গাড়িও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এলে তারা পুলিশকে লক্ষ্য করে দুইটি ককটেল ছোড়ে মারে। তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়েন। ছত্রভঙ্গ হয়ে জামায়াত-শিবিরের কর্মীরা আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
নির্বিচার ভাঙচুরের সময় যানবাহনের যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়ি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন।
এ সময় একটি প্রাইভেট কার থেকে আতঙ্কিত হয়ে দুই বিদেশি নাগরিককে দৌড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা যায়। তাঁদের বহন করা গাড়িটিও ভেঙে দেয় মিছিলকারীরা।
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে জানান, স্প্যানিশ ক্রেতা প্রতিষ্ঠান জে এইচ কে ট্রেডার্সের সাতজন ক্রেতা ও ক্রেতা প্রতিনিধি তিনটি গাড়িতে করে সকালে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন উইজডম অ্যাটায়ার্সে ক্রয়াদেশ দেওয়ার জন্য। সকাল পৌনে নয়টার দিকে বাড্ডা এলাকায় তাঁদের একটি গাড়ি আক্রান্ত হয়। ভাঙচুরের সময় গাড়িতে থাকা ক্রেতা ওয়ালিদ সামাহ আহত হন। তাঁর সঙ্গে ছিলেন পেট্রি ও মারলন। মোহাম্মদ হাতেম জানান, এই ক্রেতারা আজ রোববার নিজ দেশে ফিরে যাচ্ছেন।
এক বিবৃতিতে বিকেএমইএ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ও উদ্বেগ প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জামায়ত-শিবিরের কর্মীরা কয়েকটি দোতলা বিআরটিসি বাসসহ অন্তত ২৫টি গাড়ি ভাঙচুর করেছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল বের করে যানবাহন ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাঁরা পুলিশের ওপরও হামলায় চালান। ঘটনাস্থল থেকে শামসুল ইসলাম নামে শিবিরের একজন কর্মীকে আটক করা হয়েছে।
হামলায় পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। গতকাল বিকেল চারটার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায়ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করার চেষ্টা করেন জামায়াত-শিবিরের কর্মীরা। মিছিলের দিকে পুলিশ এগিয়ে গেলে তাঁরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর জামায়াতের সহ-সম্পাদক ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ হুমকি দিয়ে বলেছিলেন, কাদের মোল্লার রায় নিয়ে নাড়াচাড়া করা হলে ৫৫ হাজার বর্গমাইল জ্বালিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, মতিউর রহমান নিজামীকে এক মিনিটের সাজা দেওয়া হলে সারা দেশ অচল করে দেওয়া হবে। অবৈধ মন্ত্রীদের গণধোলাইয়ের মাধ্যমে প্রতিহত করা হবে।