রাজধানীতে নির্মাণপ্রতিষ্ঠানের কর্মকর্তা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন মো. আলম (৫৮) নামের একটি নির্মাণপ্রতিষ্ঠানের কর্মকর্তা। গতকাল শুক্রবার সকালে রাজধানীর রামপুরায় এ ঘটনা ঘটে। আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আলমের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রামপুরা টিভি সেন্টারের পেছনে পুরাতন পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় আলমের নির্মাণপ্রতিষ্ঠানের অধীনে একটি ভবনের নির্মাণকাজ চলছে। প্রতিষ্ঠানের স্থান পরিদর্শনকারী (সাইট ম্যানেজার) হিসেবে আলম গতকাল সকালে সেখানে যান। তখন ছয়-সাতজন যুবক ওই ভবনে গিয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। আলম ওই যুবকদের সামনে গেলে এক যুবক তাঁর ডান পায়ে দুটি গুলি করে এবং অন্যদের হুমকি-ধমকি দিয়ে দ্রুত চলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় আলমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আহত আলম হাসপাতালে উপস্থিত থাকা সাংবাদিকদের কিছু জানাতে পারেননি বলে হাসপাতাল সূত্র জানায়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত ঘটনার কারণ জানতে পারিনি। মামলার প্রক্রিয়া চলছে।’