রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর জামালকোর্টের ভাসানটেক এলাকায় নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে মো. লুৎফুর রহমান (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুরের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বেলতলা গ্রামে বলে জানান তাঁর ভাগনে ও ওই নির্মাণাধীন ভবনের শ্রমিক হাসানুল।
হাসানুলের ভাষ্য, আজ সকাল সাড়ে আটটার দিকে নির্মাণাধীন নয়তলা ভবনের সাততলায় বাঁশের মই বেয়ে উঠছিলেন লুৎফর। এ সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, লুৎফুরের লাশ হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে রাখা হয়েছে।