রাজধানীতে নৃত্যছন্দে আনন্দে উৎসবমুখর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখের পর এ আবার কোন মঙ্গল শোভাযাত্রা! গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের পাশে নানা রকমের মুখোশ ও পুতুলে সাজানো সারিবদ্ধ ট্রাকগুলো দেখে এ রকমই ভেবেছেন অনেকে। মঞ্চের মতো করে সাজানো তিনটি ট্রাকের একটিতে ছিল বড় আকারের একটি ময়ূর, অন্য একটিতে বর-কনের প্রতিমূর্তি, নৃত্যভঙ্গির নানা পুতুল। ট্রাকগুলোর সামনের অংশও সাজানো হয়েছিল নানা রঙের নকশা ও মুখোশ দিয়ে। এসব মুখোশ ও পুতুলের সঙ্গে ছিলেন নৃত্যশিল্পীরাও। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এই ‘নৃত্যযাত্রা’র আয়োজন করেছিল নৃত্যাঞ্চল। এ ছাড়া বিভিন্ন সংগঠনের বৈচিত্র্যময় আয়োজনে নৃত্যছন্দে আনন্দে একটি উত্সবমুখর দিন কাটিয়েছেন নৃত্যশিল্পীরা।নৃত্যাঞ্চলের দিনভর এই আয়োজনে ট্রাকে করে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। যাত্রা শুরু হয়েছিল স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে। সকালে চত্বরের উন্মুক্ত মঞ্চে বাদ্যযন্ত্রের তালে তালে রঙিন পোশাকে নাচতে নাচতে এসে উপস্থিত হন শিল্পীরা। নানা জনের নানা রকমের সাজসজ্জা। তাঁদের মধ্যে একজন ছিলেন অরণ্যবাসীর সাজে। গায়ে বিচিত্র নকশা, হাতে বল্লম। জমকালো সাজসজ্জা আর নৃত্যে দর্শকদের মুগ্ধ করে শহর-পরিক্রমায় যাত্রা করেছিলেন নৃত্যশিল্পীরা।নৃত্যাঞ্চলের পরিচালক শিবলী মহম্মদ প্রথম আলোকে বলেন, ‘এই আয়োজন নৃত্যের প্রসার ঘটাবে। সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে কুসংস্কার ও মৌলবাদের অবসানের লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের এই আয়োজন শেষে নৃত্যাঞ্চলের শিল্পীরা ট্রাকে চড়ে ঢোলের বোলে নাচতে নাচতে এগিয়ে যান শিল্পকলা একাডেমীর দিকে। সেখানেও ভ্রাম্যমাণ নৃত্য পরিবেশন করেন তাঁরা। এরপর বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে, পান্থপথে, মানিক মিয়া এভিনিউতে, রাজধানী স্কুলে এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবরে—মোট পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ নাচ পরিবেশন করেন তাঁরা।শিল্পকলায় দিনভর নৃত্যগতকাল সকাল থেকেই শিল্পকলা একাডেমী চত্বরের পরিবেশ হয়ে উঠেছিল আনন্দঘন। রং-বেরঙের পোশাকে নৃত্যশিল্পীদের উপস্থিতি এ প্রাঙ্গণকে করে তোলে উত্সবমুখর। নূপুরের নিক্বণ, পাখোয়াজ আর মৃদঙ্গের বোলের সঙ্গে শিল্পীরা নেচে উঠছিলেন নবীন-প্রবীণ মিলে।‘নৃত্যর তালে তালে বিশ্ব আজ একসাথে’ স্লোগান নিয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এখানে আয়োজন করেছিল সপ্তাহব্যাপী নৃত্য উত্সব। দিনভর নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে গতকাল আন্তর্জাতিক নৃত্য দিবসে শেষ হলো তাঁদের আয়োজন।সকালে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। রাজধানীর প্রায় সব নাচের সংগঠন এতে অংশ নেয়। একেকটি দলের ছিল একেক রকম পোশাক। মণিপুরি, কত্থক, ভরতনাট্যম, লোকনৃত্য, সাধারণ নৃত্যসহ সব ধরনের নাচের পোশাক। শোভাযাত্রা শেষে প্রায় সারা বেলাই শিল্পকলা একাডেমীতে অবস্থান করেন শিল্পীরা। বিকেলে চিত্রশালা প্লাজায় বসে নৃত্যমেলা। প্লাজার এক পাশে ছিল বেশ কয়েকটি স্টল। নৃত্যসংশ্লিষ্ট নানা পসরা নিয়ে বসেছিলেন শিল্পীরা। অন্য পাশের মঞ্চে সন্ধ্যা পর্যন্ত চলে নৃত্যানুষ্ঠান। শিল্পীরা পালাক্রমে কখনো একক, কখনো দলীয় নৃত্য পরিবেশন করেন। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় সমাপনী অনুষ্ঠানে আবার মিলিত হন সবাই। এ অনুষ্ঠানে প্রবীণ নৃত্যশিল্পী রাহিজা খানমকে আজীবন সম্মাননা দেওয়া হয়।এর আগে সকালে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যসূচিতে নৃত্যকলাকে অন্তর্ভুক্ত করার অপরিহার্যতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৃত্যশিল্পী তামান্না রহমান।প্রেসক্লাবে গোলটেবিলবিশ্ব নৃত্য দিবস উপলক্ষে অরেন্ডা কমিউনিকেশন ও নৃত্যসংগঠন নবনৃত্যের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী স্বদেশ নৃত্য উত্সব ২০১০-এর সমাপনী দিনে গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দেশের নৃত্যশিল্পের আলোকিত অতীত, বর্তমান ও ভবিষ্যত্’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উত্সব উদ্যাপন কমিটির আহ্বায়ক অঞ্জনার সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা জলিল। আতাউল্লাহ খানের সঞ্চালনে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন নৃত্যশিল্পী রাহিজা খানম, বুলবুল ললিতকলা একাডেমীর (বাফা) অধ্যক্ষ পিনু খান, নবনৃত্যের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম, উত্সবের প্রধান সমন্বয়কারী শফিউল্লাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় মির্জা জলিল বলেন, নৃত্যশিল্পী বা সাংস্কৃতিক কর্মীরা যাতে দলীয়করণের ফাঁদে আটকে না পড়েন, সে লক্ষ্যে বর্তমান সরকার আটল। সংস্কৃতি অঙ্গনকে সব ধরনের দলীয়করণের বাইরে রাখার আহ্বান জানান তিনি। গোলটেবিল বৈঠকে নৃত্যশিল্পীরা প্রাথমিক স্তরের পাঠক্রমে নৃত্যকে অন্তর্ভুক্তির দাবি জানান। পাশাপাশি নৃত্যকে প্রকৃত অর্থে শিল্পে পরিণত করার জন্য সরকারের পর্যাপ্ত পৃষ্ঠপোষকতাও দাবি করেন তাঁরা।চতুর্থ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সবচুয়েট প্রতিনিধি জানান, উত্ত্যক্ততার প্রেক্ষাপট নিয়ে নির্মিত এক্লিপস অব লাইট চলচ্চিত্রটি চতুর্থ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব ২০১০-এ দ্বিতীয় হিসেবে জিতে নিয়েছে ‘জহির রায়হান বেস্ট শট’ পুরস্কার। প্রায় আট মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রের নির্মাতা আল রাজী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। চলচ্চিত্রটিতে বখাটেদের অত্যাচারে আমাদের সমাজে একটি মেয়ে কীভাবে আত্মহত্যার পথ বেছে নেয়, তা তুলে ধরা হয়েছে। উত্সবে প্রথম পুরস্কার পেয়েছে নেপালের টাইম ইজ পারহেপ। তৃতীয় হয়েছে বাংলাদেশের রাহু চলচ্চিত্রটি।চুয়েটের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টু বি কন্টিনিউড উত্সবের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। চলচ্চিত্রটির পরিচালক সায়েমুল সেনাজ।ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চার দিনব্যাপী এ উত্সব শুরু হয় ২৫ এপ্রিল।উত্সবে বাংলাদেশের ২৯টি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ বেশ কয়েকটি দেশ অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত ৪৩টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।