রাজধানীতে নেমেছে ওএমএস চালের ৩৭টি ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আবারও গতকাল শনিবার থেকে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম (ওএমএস) চালু হয়েছে। ২৪ টাকা কেজি দরে মাথাপিছু পাঁচ কেজি করে এই চাল বিক্রি হচ্ছে। গতকাল শুধু ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৩৭টি ট্রাক নামানো হয়। আজ রোববার থেকে খাদ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী ৫০টি ট্রাকে করে চাল বিক্রি শুরু হবে বলে জানা গেছে।আগামী ১ জানুয়ারি থেকে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরে চাল বিক্রি শুরুর পরিকল্পনা নিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। একই সময়ে সারা দেশে ১১ লাখ ২০ হাজার জন হতদরিদ্রকে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে মাসে ২০ কেজি করে চাল দেওয়া শুরু হবে। এ ক্ষেত্রেও প্রতি কেজি চালের দাম ২৪ টাকা রাখা হয়েছে।রাজধানীর মিরপুর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, তালতলাসহ বিভিন্ন এলাকায় ওএমএসের ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে। গতকাল সকাল থেকে ভিড় বাড়তে থাকলেও দুপুর নাগাদ তা কিছু কমে আসে। তবে বিকেলের মধ্যে বেশির ভাগ ট্রাকের চাল বিক্রি শেষ হয়ে যায়।গতকালও রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় সবচেয়ে মোটা চাল প্রতি কেজি ৩৪ থেকে ৩৬ টাকা ও চিকন চাল ৪২ থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বছরের শেষ দিকে এসে হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার আবারও খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে।খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে রাজধানীতে ট্রাকে করে চাল বিক্রি শুরু হলেও পর্যায়ক্রমে তা সারা দেশে চালু করা হবে। মূলত দরিদ্রপ্রধান এলাকাগুলোতে ওএমএস চালুর ব্যাপারে গুরুত্ব দেওয়া হলেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় এই চাল বিক্রি হবে বলে তিনি জানান।গত ঈদুল আজহার পর ওএমএস কার্যক্রম শুরু হয়। চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত তা চালানোর পর বন্ধ করে দেওয়া হয়। এই সময়ের মধ্যে চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও হঠাৎ করে দাম আবারও বাড়তে থাকে।