রাজধানীতে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক ব্যক্তি। স্কুলছাত্রীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া এক নারী পোশাকশ্রমিকের রহস্যময় মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।এদের মধ্যে গতকাল দুপুরে সূত্রাপুরের কেএম দাস লেনে মোটরসাইকেলের ধাক্কায় মেঘলা নামে তিন বছরের একটি শিশু নিহত হয়। নিহত শিশুর মামা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, মেঘলা বাড়ির সামনে রাস্তায় খেলার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মেঘলার বাবা ইউনূস মিয়া ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মোটরসাইকেলচালক তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মোটরসাইকেলটিও থানায় আনা হয়েছে। গতকাল সকালে রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডের একটি বাসা থেকে মেহেরুন্নেসা বন্যা (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেরুন্নেসা রামপুরার একরামুন্নেসা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।মেহেরুন্নেসার ভগ্নিপতি মো. রাজন বলেন, উলন রোডের একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন মেহেরুন্নেসার বাবা-মা। পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে মেহেরুন্নেসাকে চাপে রাখা হয়েছিল। এ কারণে তাকে বকাঝকা করা হলে বৃহস্পতিবার রাতে কোনো একসময় সে গলায় ফাঁস দেয়। রামপুরা থানা সূত্রে জানা গেছে, মেহেরুন্নেসার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।এদিকে গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন ফারুক হোসেন (৩৫) ও মো. বিল্লাল (৪৫) নামে আরও দুজন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা বলেন, সৈয়দ মিয়া একজন বয়লার মিস্ত্রী। গতকাল কারওয়ান বাজারে একটি খাবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করছিলেন তাঁরা। সাততলা একটি ভবনের পঞ্চম তলায় ধাতব পাইপ ওঠাচ্ছিলেন তাঁরা। এ সময় পাইপের এক মাথা ভবনসংলগ্ন বিদ্যুতের তারে লেগে গেলে তাঁরা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। সৈয়দ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও তেজতুরি বাজার ১ নম্বর রেলগেটে ভাড়া বাসায় থাকতেন সৈয়দ মিয়া। তাঁর বাড়ি চাঁদপুরে।গতকাল বিকেলে পল্লবী থানার একটি বাসা থেকে মর্জিনা বেগম (২৫) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, মর্জিনা গত সাড়ে তিন বছর ধরে মিরপুর ১২/সি নম্বর সেকশনের ৬ নম্বর সড়কের একটি বাসায় কাজ করতেন। গৃহকর্তা পুলিশকে জানিয়েছেন, ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে আসছিল মর্জিনা। কিন্তু গৃহকর্তা তাকে ঈদের পরে যেতে বলেন। এ নিয়ে মর্জিনার মন খারাপ ছিল। গতকাল দুপুরে তাঁরা স্বামী-স্ত্রী কেনাকাটা করতে বের হন। বেলা তিনটার দিকে বাসায় ফিরে মর্জিনার ঝুলন্ত লাশ দেখতে পান। এদিকে পল্লবীতেই রোজিনা আক্তার (১৭) নামের এক পোশাককর্মীর রহস্যজনক মৃত্যুর পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে মো. সোহেল নামের ওই ব্যক্তি রোজিনার অচেতন দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সোহেল হাসপাতালে রোজিনার মিথ্যা পরিচয় দেন। সোহেল হাসপাতালে বলেন, মেয়েটির নাম লিপি, সম্পর্কে তাঁর বোন। কয়েক দিন জ্বরে ভোগার পর বৃহস্পতিবার রাতে বাথরুমে অজ্ঞান হয়ে পড়লে তিনি তাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু মেয়েটির গলায় কালো দাগ দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। তাঁরা মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে সোহেলকে আটক করে।গতকাল মর্গে গিয়ে রোজিনার লাশ শনাক্ত করেন তার ভাই আমজাদ হোসেন। আমজাদের অভিযোগ, রোজিনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, নয় মাস আগে ঢাকায় পোশাক কারখানায় কাজ করতে আসে লিপি। সে সোহেলের বাসায় সাবলেট থাকত। বৃহস্পতিবার রাতে সোহেল তাঁদ এক আত্মীয়কে ফোন করে বলেন, রোজিনা তাঁর স্ত্রীর অলঙ্কার চুরি করেছে। এর কিছুক্ষণ পরেই সোহেল আবারও ফোন করে বলেন রোজিনা বাথরুমে ঢুকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।