রাজধানীতে পানিসংকট মোকাবিলায় ঢাকা ওয়াসাকে সহায়তা দিতে সেনাসদস্যরা কাজ শুরু করেছেন। তবে তীব্র পানিসংকট থাকা এলাকাগুলোতে গতকাল বৃহস্পতিবারও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। ওয়াসা বলেছে, তারা যথাসাধ্য চেষ্টা করলেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে সংকট কাটবে না।সরেজমিনে গতকাল ওয়াসার নতুন বাজার, বাড্ডা অঞ্চলের পানির পাম্পে সেনাসদস্যদের পাহারা দিতে দেখা যায়। ওই অঞ্চলের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সাঈদুল হক জানান, গত বুধবার রাতে তাঁরা এসেছেন। এ অঞ্চলের পাম্পস্টেশনগুলোতে সবাই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন কি না, পানির গাড়িগুলো থেকে সুশৃঙ্খলভাবে সবাই পানি নিতে পারছে কি না, তাঁরা তা তদারক করবেন। তিনি জানান, ঢাকা ওয়াসার ১০টি অঞ্চলের প্রতিটিতে ৫০ জন করে সেনাসদস্য মোতায়েন রয়েছেন। সেনাসদস্যদের টহল দল ঘুরে ঘুরেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।তবে পানি সরবরাহ বাড়ানোর কোনো উদ্যোগের কথা জানা যায়নি। ওয়াসার নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, নতুন বাজার, বাড্ডা অঞ্চলে দুপুর দুইটা পর্যন্ত ৫০ গাড়ি পানির চাহিদার বিপরীতে পাঁচ গাড়ি পানি সরবরাহ করা সম্ভব হয়। বারিধারা, রামপুরা, বাড্ডা, জোয়ার সাহারা, কুড়িল ও কুড়াতলি এলাকায় একটি গাড়িতে করে পানি সরবরাহ করা হয়। এ ছাড়া ১৮টি ছোট ট্রলি ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় পানি নিয়ে যাচ্ছে।জানা যায়, ওয়াসার মহাখালী টিবি গেট অঞ্চলে কারওয়ান বাজার, তেজগাঁও, গুলশান, বনানী, কাজী নজরুল ইসলাম এভিনিউ ও এয়ারপোর্ট রোড এলাকায় বেলা তিনটা পর্যন্ত ১৩৩ গাড়ি পানির চাহিদার বিপরীতে ১৮ গাড়ি পানি সরবরাহ করা সম্ভব হয়।পানিসংকট থাকা এলাকার লোকজন অভিযোগ করেন, গাড়িতে করে যে পরিমাণ পানি সরবরাহ করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। গতকাল তিতুমীর কলেজের কাছের একটি মহল্লায় ওয়াসার পানির গাড়ি থামলে সেখানে অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তার, সাত মাসের বাচ্চা কোলে সালমা বেগম, ৭০ বছর বয়সী শামসুল আলমসহ অনেককে পানির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়।ওয়াসার বাড্ডা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান জানান, এ অঞ্চলে মোট ৩৫টি পাম্প আছে এবং প্রতি মিনিটে গড়ে প্রতিটি পাম্প তিন হাজার লিটার পানি উত্তোলন করতে পারে। দৈনিক আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তাঁরা পানি তুলতে পারছেন না।এনপিপির মানববন্ধন: ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) গতকাল বিদ্যুৎ, পানি ও গ্যাসের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় বক্তব্য দেন দলের চেয়ারম্যান শেখ শওকত হোসেন, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান প্রমুখ।