রাজধানীতে পুলিশ ও জামায়াত-শিবির সংঘর্ষ
রাজধানীর পুরান ঢাকার মহানগর দায়রা জজ এলাকা ও বাড্ডার নতুন বাজার এলাকায় আজ বুধবার সকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।
এতে দায়রা জজ এলাকায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শিবির দাবি করেছে। নতুন বাজার এলাকা থেকে শিবিরের বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর দায়রা জজ এলাকা : ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় সকাল আটটার দিকে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ১৭টি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে শিবিরের পাঁচজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন ওই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। কেউ গুলিবিদ্ধ হয়েছে বলে জানা নেই।
সকাল নয়টার দিকে একই এলাকায় চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
নতুন বাজার: সকাল সাড়ে আটটার দিকে বাড্ডার নতুন বাজার এলাকায় একটি মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা একটি বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়েন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার টহল পরিদর্শক মো. শাহজাহান প্রথম আলো ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন শিবিরের কর্মীকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের চেষ্টার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এর আগে কাদের মোল্লার মৃত্যুপরোয়ানা জারির প্রতিবাদে গত সোম ও মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।