রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বুধবার তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কলেজছাত্র মাহমুদুল হাসান ওরফে মিঠুন (১৮), স্যানিটারি মিস্ত্রি বিল্লাল হোসেন (৩০) ও ভাঙারি ব্যবসায়ী সাইদুর হোসেন।
নিহত মাহমুদুল হাসান রাজধানীর হাউস বিল্ডিং কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র। তিনি মা-বাবার সঙ্গে দক্ষিণখান এলাকার ২৫ মুক্তিযুদ্ধ সরণিতে থাকতেন। মাহমুদুলের চাচাতো ভাই নাজমুল ইসলাম বলেন, মাহমুদুলকে তাঁর বাবা পড়াশোনার জন্য বকাঝকা করায় গতকাল সকাল নয়টার দিকে সিলিং ফ্যানে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে ফার্মগেট-সংলগ্ন মণিপুরি পাড়ার একটি বাসার নিচতলায় পানির পাম্প মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বিল্লাল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া প্রায় একই সময় খিলক্ষেতে সাইদুর হোসেন সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর বাবার নাম মোখলেস মিয়া। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার বুরবুরিয়ায়। তিনি খিলক্ষেতের বনরূপা আবাসিক এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তিনজনের লাশের ময়নাতদন্ত হয়েছে।