রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন হলেন মহিউদ্দিন শাহরিয়ার (৩৫) ও নুরুল ইসলাম (৫৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও মারা যাওয়া তিনজনের পারিবারিক সূত্র জানায়, মহিউদ্দিন সপরিবারে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় থাকতেন। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে গত মঙ্গলবার রাত ২টার পর পুলিশ ওই বাসার একটি শোয়ার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় জিন্সের প্যান্ট প্যাঁচানো অবস্থায় মহিউদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর বাবার নাম মো. ইসহাক।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান গাজী বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
গতকাল বুধবার সকালে শ্যামপুরে রানী স্টিল মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী নুরুল ইসলামকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।
এ ছাড়া গতকাল বেলা ১১টার দিকে পুলিশ নন্দীপাড়ার একটি দোকানের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর বয়স ৩০ থেকে ৩৫ বছর। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়।