রাজধানীতে পৃথক দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু
রাজধানীর বনশ্রী, কামরাঙ্গীরচর ও আফতাবনগর এলাকায় গতকাল শুক্রবার দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বনশ্রীর কুঞ্জবনে পাইলিংয়ের পাইপের আঘাতে নির্মাণশ্রমিক চান মিয়া (৩৫), আফতাবনগরে নির্মাণাধীন ভবনে রড তোলার সময় পা পিছলে রডমিস্ত্রি মো. মুসা (২৫) এবং কামরাঙ্গীরচরে রাস্তার ময়লা পানি অপসারণের সময় দিনমজুর মো. জসিমের (৩৫) মৃত্যু হয়েছে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ কুমার প্রথম আলোকে বলেন, কামরাঙ্গীরচর লোহার ব্রিজের ঢালে জমে থাকা পানি সেচযন্ত্র দিয়ে অপসারণের সময় জসিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি দিনমজুর। তাঁর বাড়ি নেত্রকোনার আজিমপুরে। লোহার ব্রিজের পাশেই একটি বস্তিতে তিনি পরিবার নিয়ে থাকতেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, আফতাবনগর বি-ব্লকের একটি নির্মাণাধীন ভবনে রড তোলার সময় রডমিস্ত্রি মো. মুসা ও ওয়াহিদুল ইসলাম (২৫) পা পিছলে নিচে পড়ে যান। দুজনকেই তাঁদের সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল চারটার দিকে চিকিৎসকেরা মুসাকে মৃত ঘোষণা করেন। ওয়াহিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুসার বাড়ি রংপুরের কোতোয়ালি থানার বড় রামপুরে।
রামপুরা থানার উপপরিদর্শক আতাউর রহমান বলেন, পূর্ব রামপুরার বনশ্রীর কুঞ্জবন এলাকায় একটি ভবনে পাইলিংয়ের কাজ করার সময় একটি পাইপ মাথায় পড়লে গুরুতর আহত হন নির্মাণশ্রমিক চান মিয়া। সেখানে তাঁর দুই ভাইও কাজ করেন। ভাইয়েরা চান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চান মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার হাসেন আলীর ছেলে।