রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার শ্রমিকসহ দুজন মারা গেছেন। তাঁদের একজন এমব্রয়ডারি কারখানার শ্রমিক আজিজুল ইসলাম (২৪)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে বেপরোয়া গতির একটি বাস বনানীর চেয়ারম্যানবাড়ি বাসস্ট্যান্ডে এমব্রয়ডারির শ্রমিক আজিজুল ইসলামকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করার পর রাত আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চাপা দেওয়ার পর স্থানীয় জনতা বাসচালককে ধরার চেষ্টা করে। ছুটির দিন হওয়ায় রাস্তা তুলনামূলক ফাঁকা থাকায় চালক দ্রুত বাস চালিয়ে নিরাপদ স্থানে চলে যায়। নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, আজিজুল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি এমব্রয়ডারি কারখানার শ্রমিক। গতকাল বিকেলে কর্মস্থলে যাওয়ার জন্য চেয়ারম্যানবাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। আজিজুল ইসলাম সপরিবারে মহাখালীর টিঅ্যান্ডটি বস্তিতে থাকতেন। মাত্র ছয় মাস আগে তিনি বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম রাজিয়া আক্তার। আজিজুল ইসলামের গ্রামের বাড়ি বগুড়ার সাতমাথার দরিসোনায়। তাঁর বাবা আবদুল হাকিম পেশায় কাঠমিস্ত্রি। এর আগে গতকাল ভোরে মগবাজার এলাকায় ট্রাকের চাপায় এক বৃদ্ধা মারা গেছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর। পুলিশ জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে মগবাজার ইস্পাহানি কলোনির সামনে দ্রুত ধাবমান একটি ট্রাক ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। বৃদ্ধার পরনে ছাপা মেক্সি ও নীল রঙের ওড়না রয়েছে।ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে রমনা ও গুলশান থানায় দুটি মামলা হয়েছে।