রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত চারজন
রাজধানীর দারুস সালাম, মাতুয়াইল ও বনানী এলাকায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন ও ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন।
এর মধ্যে দারুস সালামে সড়ক দুর্ঘটনায় নিহত মো. হাবিবুল্লাহ (২৩) একটি বেসরকারি হাসপাতালের কর্মী। মাতুয়াইলে নিহত জসিম উদ্দিন (৫০) মাছ বিক্রেতা। খিলখেত এলাকায় ব্যক্তিগত গাড়ির ধাক্কায় নিহত পান্নু শিকদার (৩৮) রিকশাভ্যান চালক । এ ছাড়া বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া মাসুদ রানা (৩৮) রিকশাচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে হাবিবুল্লাহ তাঁর দুলাভাই ফারুককে নিয়ে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। এ সময় টেকনিক্যাল এলাকায় একটি
ট্রাক পেছন থেকে রিকশাটিকেধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের লোকজনউদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল ছয়টার দিকে হাবিবুল্লাহকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
জসিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন মাতুয়াইলের বাসিন্দা আবুল খায়ের। সাংবাদিকদের তিনি বলেন, সকাল সাড়ে সাতটার দিকে এশিয়া লাইনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে জসিমউদ্দিন ও সিএনজিচালক কাল্লু মিয়া গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর জসিমউদ্দিনের মৃত্যু হয়।
মাসুদ রানার স্ত্রী কোহিনূর বেগম জানান, দুপুর সাড়ে ১২টায় বনানী রেলগেটে ট্রেনে মাসুদ রানার ডান হাত ও পা কাটা পড়ে। এরপর প্রথমে তাঁকে সিরাজ-খালেদ জেনারেল হাসপাতালে, এরপর পঙ্গু হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে খিলখেত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পান্নু শিকদার (৩৮) নামের এক ভ্যানচালক। তাঁর বাড়ি মাদারীপুরের ওয়াশপুর গ্রামে।
খিলখেত থানার সহকারী উপপরিদর্শক শাহীন আলম প্রথম আলোকে বলেন, বিকেল চারটার দিকে আসবাববোঝাই ভ্যান নিয়ে যাচ্ছিলেন পান্নু।
এ সময় খিলখেত ফুটওভারব্রিজের কাছে আসামাত্র একটি বনভোজনের বাস একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয়। ওই ব্যক্তিগত গাড়িটি ধাক্কা দেয় ভ্যানকে। এরপর গুরুতর আহত অবস্থায় পান্নুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সোয়া ছয়টায় তিনি মারা যান।