রাজধানীতে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু
রাজধানীতে গত সোমবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এরা হলো বাহাতুজ্জামান (১৫) ও সিএনজি অটোরিকশা চালক সবুজ মিয়া (২৫)। পুলিশ সূত্র জানায়, দনিয়া ব্রাইট ওয়ান হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র বাহাতুজ্জামান সবুজবাগের ৯৩/২, পূর্ব মানিকনগরে থাকত। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সে তার চাচাতো ভাই ইলিয়াসকে (১৮) নিয়ে মোটরসাইকেলে করে মানিকনগরের বাসায় ফিরছিল। তারা কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর সামনে এলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাহাতকে মৃত ঘোষণা করেন। একই দিন রাত পৌনে ১১টার দিকে সবুজ মিয়া সিএনজিচালিত অটোরিকশা চালানোর সময় কাজলা পেট্রল পাম্পের কাছে থেমে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে একটায় তিনি মারা যান।