রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর মিরপুর ও সায়েদাবাদে আজ বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের একজন হলেন আবদুল কাদের (২৫)। আরেকজনের নাম জানা যায়নি। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে দুইটার দিকে মিরপুর সাড়ে ১১-এর ৯ নম্বর সড়কে যাত্রীবাহী একটি বাস আবদুল কাদেরকে চাপা দেয়। লিয়াকত আলী নামের একজন পথচারী তাঁকে প্রথম মিরপুরের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুল কাদের এসপি ব্লিভার নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
এদিকে বেলা পৌনে তিনটার দিকে সায়েদাবাদ রেলগেটসংলগ্ন বাসস্ট্যান্ডে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর বয়স আনুমানিক ৭০ বছর। তবে তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। দুলাল মিয়া নামে এক পিকআপ ভ্যানচালক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল চারটার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মোজাম্মেল হক দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।