রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মসলার দোকানের কর্মচারী আবদুল খালেক (৩০), পোশাকশ্রমিক আবদুল কাদের (২৩) ও বৃদ্ধ আলিমউদ্দিন (৭০)।
বেলা তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশা পেছন থেকে একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে রিকশাভ্যানে বসে থাকা মসলার দোকানের কর্মচারী খালেক রাস্তায় ছিটকে পড়ে আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে।
বেলা পৌনে তিনটার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে একটি মিনিবাস বৃদ্ধ আলিমউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেলা পৌনে দুইটার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরের প্রধান সড়কে ৯ নম্বর রুটের একটি মিনিবাস পোশাকশ্রমিক আবদুল কাদেরকে ধাক্কা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মাকে নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের ডুইপ প্লটে থাকতেন। তাঁর বাবা মৃত কাঞ্চন চৌকিদার। গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার মইষখালীতে।