রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মচারী জাবেদ আলী (৫৪), অটোরিকশাচালক ইসলাম শিকদার (৪৫) ও রিকশাচালক শাহজাহান (৩৫)।
বনানী থানার এসআই মুকুল হোসেন জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় বলাকা পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে একটি বাইসাইকেলকে আরোহীসহ চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী জাবেদ আলী ঘটনাস্থলে মারা যান। জাবেদ আলী সপরিবারে মিরপুরের ৩/এ রূপনগর আবাসিক এলাকায় থাকতেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এদিকে গতকাল ভোর পাঁচটার দিকে আরামবাগে আল হেলাল পুলিশ বক্সের কাছে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ইসলাম শিকদার ঘটনাস্থলে মারা যান।
মতিঝিল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, ওই ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। ইসলাম মুগদাপাড়ায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক মিরপুর-১ নম্বর চত্বরের কাছে রিকশাচালক শাহজাহানকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি পল্লবী এলাকায় থাকতেন।