রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
রাজধানীর রামপুরা ও বাড্ডায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন সাবিহা সিদ্দিকী (৩২) ও শাহ আলী (২৮)। সাবিহা কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মী এবং শাহ আলী বাসের হেলপার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে রামপুরা ব্রিজের সামনে সড়ক পার হচ্ছিলেন সাবিহা সিদ্দিকী। এ সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করার সময় ভ্যানটি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত সাবিহাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শোভন দেবনাথ নামের এক পথচারী। হাসপাতালে বিকেল সাড়ে পাঁচটার দিকে সাবিহা মারা যান। তাঁর বাসা মোহাম্মদপুরের শেখেরটেকে।
শোভন দেবনাথ প্রথম আলোকে জানান, দুর্ঘটনার পর আহত সাবিহাকে প্রথম বনশ্রীর আল রাজি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড্ডা থেকে চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
এদিকে সকাল সোয়া সাতটার দিকে বাড্ডায় আলীর মোড় নামক স্থানে গ্রামীণ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা খায়। এতে ওই বাসের দরজায় থাকা চালকের সহকারী শাহ আলী ছিটকে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে তাঁর ভায়রা এরশাদ আহত শাহ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত শাহ আলীর বাড়ি লালমনিরহাটে।
শাহ আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক।