রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার দুপুরের দিকে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রেজাউল করিম (২৭) ও তোফাজ্জেল হোসেন (৬৫)।
গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী আবুল কাশেম জানান, দুপুর পৌনে ১২টায় যাত্রাবাড়ী উড়াল সড়কের ঢালে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন রেজাউল করিম। এরপর তিনি (আবুল কাশেম) তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রেজাউল করিমের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় তাঁর বাবার নাম শফিকুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব পৌরসভার ঢাকিরগাঁও গ্রামে।
এদিকে বেলা পৌনে একটার সময় রাজধানীর শাহবাগে প্রেসক্লাবের বিপরীতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তোফাজ্জেল হোসেন। শাহবাগ থানার এএসআই ওবাইদুল হক তাঁকে (তোফাজ্জেল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বেলা সোয়া একটায় কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জেলকে মৃত ঘোষণা করেন। তাঁর বাসা ২৪ নম্বর স্বাধীনতা সরণি, উত্তর বাড্ডা। গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। এ ঘটনায় চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।