রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে গেন্ডারিয়া ও ধানমন্ডিতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহত দুজনের পরিবার সূত্রে জানা যায়, গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ চৌরাস্তা এলাকায় নুরুল ইসলাম হাওলাদার (৬০) নামের এক পথচারী রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় নুরুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নুরুল ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি দনিয়া বাজার এলাকায় ইলিয়াস নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।
আরেক দুর্ঘটনা ঘটে ধানমন্ডি ও আসাদগেটের মাঝামাঝি আড়ংয়ের পাশের সড়কে। সেখানে একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে রিকশার যাত্রী আলমগীর হোসেন হাওলাদার (৪০) ছিটকে মাটিতে পড়ে যান। তৎক্ষণাৎ উঠে দৌড়ে সড়কের পাশে যাওয়ার সময় প্রাইভেটকারটি তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আলমগীরকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
নিহত আলমগীরের ভাই আল আমিন প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার কাটাখালী এলাকায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।