ঈদের নামাজ পড়ে গত শনিবার কাজীপাড়ায় রাস্তা পার হওয়ার সময় হিউম্যান হলারের নিচে চাপা পড়ে শামীম আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঈদের ছুটিতে রাজধানীতে আরও আটজন মারা গেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে পূর্ব কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তা পার হওয়ার সময় গ্রামীণ পরিবহনের একটি হিউম্যান হলার চাপা দিলে শামীম ঘটনাস্থলে মারা যান। এ সময় চালক ও তার সহকারী পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা হিউম্যান হলার ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। শামীম স্থানীয় এক্সিম হাসপাতালের পিয়ন ছিলেন।ওই দিন বেলা সোয়া ১১টার দিকে মিরপুর বেড়িবাঁধ-সংলগ্ন গোড়ান চটবাড়ী রাস্তায় উত্তরার আবদুল্লাপুরগামী হিউম্যান হলার লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনার সহকারী সবুজ মিয়া (২০) ছিটকে রাস্তায় পড়ে মারা যান। দুই পরিবহনের গাড়িচালকসহ অন্তত ১০ জন আহত হন।একই দিনে তুরাগ থানার কামারপাড়া সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত সেলিমকে (১৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন দুপুর সাড়ে ১২টায় একই থানার প্রত্যাশা ব্রিজের দক্ষিণ পাশে একটি মাইক্রোবাস আলতু মিয়া (৪০) ও কবির হোসেন (৫৬) নামের দুই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা ঘটনাস্থলে মারা যান।ঈদের আগের দিন শুক্রবার রাতে আদাবর বেড়িবাঁধে একটি মাইক্রোবাস পাঁচ বছরের শিশু আল আমিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আল আমিন ঘটনাস্থলে মারা যায়। সে তার মায়ের হাত ধরে স্থানীয় প্রভাতী হাউজিংয়ের বাসায় ফিরছিল। মাইক্রোবাসের ধাক্কায় শিশুটির মা সামান্য আহত হন। নিহত শিশুর বাবা সাদেক আলী রিকশাচালক। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পল্লবী সেনানিবাসের চাকুলি এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকা পাংচার হলে সেনানিবাসে কর্মরত আনসার সদস্য শরীফুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। ওই দিন শ্যামলী কাজী অফিসের সামনে মাইক্রোবাসের চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৪০) গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতে তিনি মারা যান। গত শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় আরও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৬০) মৃত্যু হয়।