রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
দারুস সালাম থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে দারুস সালাম থানার দ্বীপনগর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মেহেদী হাসান (৭) নামের এক শিশু মারা যায়। সে পরিবারের সঙ্গে দ্বীপনগর বালুর মাঠসংলগ্ন এক বস্তিতে থাকত। সকালে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, মেহেদীর গ্রামের বাড়ি বরিশালে। সম্প্রতি তার মা কাজের খোঁজে ঢাকায় এসে ওই বস্তিতে থাকেন। কাজের খোঁজে সকালেই তার মা বের হয়ে যান। ঘটনার পর চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় সড়ক পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আফজাল খান (৫৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই হাবিবুর রহমান বলেন, চালকসহ ওই প্রাইভেট কার আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।