রাজধানীতে পেট্রলবোমা হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে রাজধানীর বাংলামোটরে পুলিশের রিকুইজিশন করা বাস ও পরীবাগে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিং করেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অনুপ চন্দ্র রায় (২৪), জোবায়ের হোসেন (২২) ও রবিউল ইসলাম নয়ন (২৬)।

ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের ভাষ্য, ৬ জানুয়ারি কলাবাগান থানা এলাকায় বোমা ছোড়ার সময় ককটেলসহ এই তিনজনকে আটক করে কলাবাগান থানা পুলিশ। পরে আসামিদের সম্পর্কে তথ্য সংগ্রহ, প্রযুক্তিনির্ভর তথ্য পর্যালোচনা ও তদন্তে পাওয়া তথ্য যাচাইবাছাই থেকে ডিবি নিশ্চিত হয়, এই আসামিরা বাংলামোটর ও পরীবাগে বোমা হামলার সঙ্গে জড়িত। রমনা থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, বাংলামোটরে পুলিশের বাস ও পরীবাগে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় তাঁরা জড়িত ছিলেন।

গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে পেট্রলবোমা হামলা হয়। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের কনস্টেবল ফেরদৌস খলিল নিহত হন। আহত হন কনস্টেবল ফাইজুল ইসলাম ও চালক বায়েদিজ খান।

চলতি বছর ৩ জানুয়ারি পরীবাগে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় তিনজন দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান বিমা কর্মী শাহীনা আক্তার ও ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ মিয়া।