রাজধানীতে পেট্রলবোমাসহ দুই নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের কাছ থেকে ২০টি পেট্রলবোমাসহ দুই নারীকে আটক করেছে রামপুরা থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আটক হওয়া ওই দুই নারীর নাম দেলোয়ারা বেগম (৫০) ও জাবেদা (৫০)।

পুলিশ জানায়, আজ সকালে মালিবাগ সুপার মার্কেট-সংলগ্ন রেললাইনের পাশে এক ভাঙারির দোকানে ওই দুই নারী পেট্রলবোমাগুলো নিয়ে আসেন। এ সময় তাঁদের ধরা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই নারী দাবি করেছেন, আজ সকালে তাঁরা কাগজ কুড়ানোর সময় বোতলগুলো দেখতে পান। বোতলের ভেতর কেরোসিন তেল আছে মনে করে তাঁরা সেগুলো ভাঙারির দোকানে বিক্রি করতে যান। ভাঙারির দোকান থেকে তাঁদের বলা হয়, এগুলো পেট্রলবোমা। এ সময় পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে এবং তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।

১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধের শেষ দিন আজ সকাল সাতটায় তেজগাঁওয়ের বিএসটিআই অফিসের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই অঞ্চলের দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল আলম জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলে।

সকাল সোয়া সাতটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশে ফায়ার সার্ভিসের ২ নম্বর গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।