রাজধানীতে পোশাক শ্রমিকসহ দুজন খুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। কুড়িল বিশ্বরোডে গত শনিবার রাতে সৌরভ রোজারিও (২৪) নামের এক পোশাকশ্রমিককে ধরে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ছাড়া গতকাল রোববার সকালে পুলিশ গাবতলী বাস টার্মিনালে একটি রিকশা থেকে কামরুল হাসান নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করে।খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন জানান, গতকাল ভোরে কুড়িল বিশ্বরোডের লোকজন সৌরভের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ সৌরভের বন্ধু পোশাকশ্রমিক ওয়াকিল আহমেদকে আটক করে।সৌরভের ভগ্নিপতি লিটন রোজারিও অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় সৌরভের বন্ধু ওয়াকিল বাসা থেকে তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। ওয়াকিল তাঁর সহযোগীদের নিয়ে সৌরভকে জবাই করে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাস টার্মিনালে একটি রিকশা থেকে উদ্ধার করা নিহত কামরুল হাসানের শরীরে চাপাতির কোপ ছিল। এ ঘটনায় রিকশাচালক সুমনকে আটক করে পুলিশ।আটক রিকশাচালকের উদ্ধৃতি দিয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, গতকাল সকালে একটি বাস থেকে দুই ব্যক্তি একটি বড় বালতি নামিয়ে সুমনের রিকশায় তুলে দেয়। তারা রিকশাচালককে বলে, ‘সামনে এগোও, ব্যাগ নিয়ে আসছি।’ এরপর তারা আর আসেনি।ওসি জানান, খবর পেয়ে বালতির মধ্য থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরে স্বজনেরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করে। নিহত কামরুল হাসান বিদেশে মানুষ পাঠানোর দালালি করতেন।ওসি জানান, নিহতের স্বজনেরা জানায়, বিদেশে পাঠানোর নাম করে কামরুল এলাকার বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু কাউকে পাঠাতে পারেননি। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি খুন হয়েছেন। কামরুল হাসানের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায় বলে তিনি জানান।দুই যুবক ছুরিকাহত: গতকাল ভোরে রাজধানীর দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাবের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আল আমিন (২৫) ও হেলালউদ্দিন (২৬) নামের দুই যুবক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা পোশাকশ্রমিক বলে জানা গেছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে কর্মস্থল থেকে দক্ষিণ বাড্ডায় তাঁদের বাসায় ফিরছিলেন। এ সময় বাড্ডার জাগরণী ক্লাবের সামনে একদল ছিনতাইকারী তাঁদের পথ রোধ করে। এ সময় তাঁরা চিৎকার করলে ছিনতাইকারীরা তাঁদের এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়।