রাজধানীতে প্রতিবাদ ও নিন্দা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ ও নেতাদের ঔদ্ধত্যমূলক বক্তব্যের প্রতিবাদে গতকাল শুক্রবারও ঢাকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ ছাড়া সভা করে, বিবৃতি দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। সংগঠনগুলো পাকিস্তানের পার্লামেন্টে গৃহীত প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে।
বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে গণসংহতি আন্দোলন। সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তানের পার্লামেন্টে যুদ্ধাপরাধী কাদের মোল্লার শাস্তির বিরুদ্ধে যে প্রস্তাব আনা হয়েছে, তা ভয়াবহ ন্যক্কারজনকই নয়, কূটনৈতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের চেষ্টা। তাঁরা বলেন, একাত্তরে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পাকিস্তান রাষ্ট্র যে অপরাধ করেছে, তার জন্য তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে; সরকারকে এ বিষয়ে বাধ্য করতে হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফিরোজ আহমেদ, আবুল হাসান, বাচ্চু ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে বলেন, সব রকম কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূতভাবে পাকিস্তানের জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার প্রতিবাদে যে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে, বাংলাদেশের নারীসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে ওই প্রস্তাব প্রত্যাহারের জন্য পাকিস্তান সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক তবারক হোসেইন এক বিবৃতিতে বলেন, পাকিস্তানিরা এখনো যে এদেশীয় মিত্রদের মারফত দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির কাজে তৎপর, তাদের কর্মকাণ্ডে তাই প্রমাণ পাচ্ছে। তারা এক দিনের জন্য হলেও জাতীয় সংসদ অধিবেশন ডেকে পাকিস্তানের কর্মকাণ্ডের বিষয়ে নিন্দা ও প্রতিবাদ প্রস্তাব আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।