রাজধানীতে প্রয়োজনের চেয়ে বেশি বই নিয়েছে কয়েকটি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাহিদা দিয়ে ২০১১ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণীর বই সংগ্রহ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে নয়টি বিদ্যালয় চিহ্নিত করে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সেগুলোকে অতিরিক্ত বই ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, রাজধানীর ৭৮টি বিদ্যালয় অতিরিক্ত বই নিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এগুলোর মধ্যে ২৯টি বিদ্যালয়ে আকস্মিক ও সরেজমিনে পরিদর্শন শেষ হয়েছে। এতে দেখা গেছে, নয়টি বিদ্যালয় প্রয়োজনের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি সংখ্যক বই নিয়েছে।জানা যায়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার অতিরিক্ত বই নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান বা এর প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। এ পরিপ্রেক্ষিতে তিন ধরনের ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত অথবা তাঁকে বদলি করা হবে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের এমপিও বাতিল করা হবে। এ ছাড়া এমপিওভুক্ত নয়, এমন বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করা হবে।এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিটিবির বিনা মূল্যের বই বিতরণে দায়িত্বপ্রাপ্ত বিশেষ কর্মকর্তা রতন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, প্রয়োজনের চেয়ে বেশি বই নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান নিজ দায়িত্বে বই ফেরত না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে।