রাজধানীতে ফলের দোকান আজ থেকে বন্ধ রাখার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ বৃহস্পতিবার থেকে সব ফলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতি৷ ব্যবসায়ী নেতারা বলেন, ফল ফরমালিনমুক্ত করার লক্ষ্যে সমিতি এ কর্মসূচি দিয়েছে৷
গতকাল বুধবার রাজধানীর ফলের দোকানে দোকানে এ-সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়। ঢাকা মহানগর ফল ব্যবসায়ীদের নামে এ প্রচারপত্রে বলা হয়, ফরমালিনমুক্ত করার লক্ষ্যে ১৯ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ফলের দোকান বন্ধ থাকবে। ‘যত দিন ফরমালিনমুক্ত না হবে, তত দিন পর্যন্ত আমরা ব্যবসা বন্ধ রাখব।’
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত ফরমালিনমুক্ত অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি ও পুঁজি ধ্বংস করছেন। এই অবস্থায় তাঁরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। আগামী শনিবার সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা মানববন্ধন করবেন। এতে কৃষক সমবায় সমিতিও অংশ নেবে।