রাজধানীতে ফি দিয়ে ফায়ার সার্ভিসের মহড়া
কেউ চাইলেই অগ্নিনির্বাপণ-ব্যবস্থা ঠিক আছে কি না, তা পরখ করতে ফায়ার সার্ভিসের সহায়তায় মহড়া নিতে পারবে। শুধু এর জন্য ফায়ার সার্ভিসকে নির্ধারিত ফি দিতে হবে। গতকাল বুধবার এমনই একটি মহড়া হয়েছে রাজধানীর পান্থপথের একটি ভবনে।জানা গেছে, গতকাল সকালে পান্থপথের ইউনিক ট্রেড সেন্টারে (ইউটিসি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্ত্বাবধানে এক অগ্নিনির্বাপণ মহড়া হয়। অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন-বিষয়ক এ মহড়ায় ইউটিসির সব কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) মো. আবদুর রশীদ ও উপ-সহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ মহড়া পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ইউটিসি ভবনের অগ্নি প্রতিরোধ-ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। কর্মকর্তারা বহুতল ভবনে আগুন ধরে গেলে সেই ভবনের বিদ্যুত্ ও লিফট তত্ক্ষণাত্ বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন। মহড়ায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোজাম্মেল হোসেন, ইউনিক গ্রুপের উপমহাব্যবস্থাপক গাজী খলিল উদ্দিন প্রমুখ। ২৪ ফেব্রুয়ারি ভবনটিতে অবস্থিত ৪৫ দপ্তরের প্রতিনিধিদের সভায় ভবনের জরুরি অগ্নিনির্বাপণ-ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়।ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা পরিচালক (অপারেশন) মেজর মতিউর রহমান প্রথম আলোকে বলেন, পান্থপথের বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের পর বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনের মালিকেরা মহড়া ও প্রশিক্ষণ নিতে ফায়ার সার্ভিসের দ্বারস্থ হচ্ছেন।