রাজধানীতে ফিটনেস-খেলাপি গাড়ি প্রায় ৮০ হাজার
রাজধানী ঢাকায় বর্তমানে ফিটনেস-খেলাপি গাড়ির সংখ্যা প্রায় ৮০ হাজার। ফিটনেসবিহীন এসব গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল বুধবার জাতীয় সংসদে রাজশাহীর সরকারদলীয় সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়। লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রথম রেজিস্ট্রেশনকালে প্রতিটি গাড়ির ফিটনেস দেওয়া হয় এবং নির্ধারিত মেয়াদ শেষে মালিককে তা নবায়ন করে নিতে হয়। সময়মতো নবায়নে ব্যর্থ হলে বিআরটিএ সংশ্লিষ্ট গাড়িকে ফিটনেস-খেলাপি হিসেবে চিহ্নিত করে। বর্তমানে রাজধানীতে এমন ফিটনেস-খেলাপি গাড়ির সংখ্যা ৭৯ হাজার ২৪৫টি।মন্ত্রী বলেন, ফিটনেস-খেলাপি ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিআরটিএর দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঢাকা মহানগরে প্রতিদিন দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।অপু উকিলের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, বিআরটিসির গাড়ি বহরে বর্তমানে ৪১৫টি বাস ও ১৩৯টি ট্রাক কাজ করছে। এ বি এম আবুল কাশেমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কার্যক্রম নেওয়া হয়েছে।পাট রপ্তানি করে ৯২১ কোটি টাকা আয়: নাটোরের সাংসদ জুনাইদ আহমেদের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ২০০৮-২০০৯ অর্থবছরে বাংলাদেশ প্রায় ১৭ লাখ ৫০ হাজার বেল পাট রপ্তানি করে ৯২১ কোটি টাকা আয় করেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত ৫২টি পাটকল বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছে।