রাজধানীতে ফিরছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে তোলা ছবি ষ প্রথম আলো
ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে তোলা ছবি ষ প্রথম আলো

‘ভাই, এবারের ঈদে বাড়ি গিয়া পোষায় নাই। আগের দিন গেছি। পরদিন চলি আসছি। মাঝখানে ঈদের একটা দিন। পোষায় নাই।’
গত শনিবার সন্ধ্যায় সায়েদাবাদ জনপথ এলাকায় ফেনী থেকে আসা একটি বাস থেকে নেমে এমন করেই দুঃখের কথা শোনাচ্ছিলেন যাত্রী আবদুল হাকিম। গতকাল রোববার সকালেই অফিসে যেতে হবে বলে তাঁকে আগে আগেই চলে আসতে হয়েছে। তাঁর মতো অনেক যাত্রী শনিবার রাতের মধ্যে ঢাকায় ফেরেন।
গতকাল ভোর থেকেই মূলত রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরে আসা মানুষের ভিড় দেখা যায় বেশি। তাঁদের মধ্যে যাঁরা ঈদ উপলক্ষে বাড়তি ছুটি নিয়েছিলেন, হরতালের ঝামেলা এড়াতে তাঁদের অনেকে ফিরে আসছেন রাজধানীতে।
তবে ঢাকায় ফিরে অনেক যাত্রী পড়েন যানবাহন-সংকটে। খুব সকালে লঞ্চ থেকে সদরঘাট টার্মিনালে নেমে বাসায় যেতে সমস্যায় পড়েন তাঁরা। কিছু সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা থাকলেও যথেচ্ছ ভাড়া হাঁকেন চালকেরা। কমলাপুর রেলস্টেশনে এবং টার্মিনালগুলোতে বাসায় ফেরার ঝামেলায় পড়ে অনেক যাত্রী মালপত্র নিয়ে হেঁটেই বাসার উদ্দেশে রওনা হন।
গতকাল পর্যন্ত মহাসড়কগুলোতে যানবাহনের আধিক্য মোটামুটি কম থাকলেও আজ সোমবার তা বাড়বে বলে মালিক ও চালকেরাও মনে করছেন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি ও স্টার লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন বলেন, ‘যেহেতু ১৩ ও ১৪ আগস্ট টানা হরতাল, তাই সোমবার মহাসড়কগুলোতে যানবাহনের ভিড় বাড়বে।’
সদরঘাট টার্মিনাল দিয়ে গতকাল ভোর থেকে প্রচুর যাত্রী রাজধানীতে ফিরতে শুরু করেন। বরিশাল থেকে আসা এমভি পারাবত, সৈকতসহ অনেক লঞ্চে প্রচুর ভিড় দেখা যায়। যদিও তা ঈদের আগের দিনগুলোর তুলনায় কম।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের উপপরিচালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা ছেড়ে যাওয়ার সময় একসঙ্গে অনেক যাত্রী যাত্রা করেন বলে ভিড় বেশি হয়। বাড়তি ছুটি নিয়ে তাঁদের অনেকে ফিরে আসেন ভেঙে ভেঙে। তাই ফিরে আসার ভিড়টি হয় সহনীয়।
উপপরিচালক আরও বলেন, শনিবারও অনেক যাত্রী লঞ্চযোগে বাড়ি গেছেন। বাড়ি যাওয়া সব যাত্রীর ফিরে আসতে আসতে দিন গড়াতে পারে আগামী শনিবার পর্যন্ত।
গতকাল দুপুরে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময়ের মোটামুটি কাছাকাছি সময়েই ঢাকায় ফিরে আসছে। চট্টগ্রামের মহানগর প্রভাতী আসার কথা বেলা দুইটা ২০ মিনিটে। ওই ট্রেন এসে পৌঁছায় তিনটা নাগাদ। ঢাকা থেকে ছাড়ার কথা তিনটা ২০ মিনিটে। ছাড়ে সাড়ে তিনটায়।
চট্টগ্রাম থেকে আসা মহানগর প্রভাতীর যাত্রী অলিউল্লাহ জানান, হরতাল এবং যাওয়া-আসার ঝক্কির কথা চিন্তা করে স্ত্রী ও সন্তানদের রেখে তিনি একাই ফিরেছেন। হরতালের ঝামেলা কমলে পরিবার ঢাকায় নিয়ে আসবেন।
স্টেশনমাস্টার নৃপেন চন্দ্র সাহা বলেন, ‘ফিরে আসা যাত্রীদের আসল ভিড় হবে সোমবার (আজ) থেকে। যাওয়া-আসার সময় এখন ঠিক থাকলেও সামনে এদিক-ওদিক হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলো। একটি ট্রেন আসায় বিলম্ব ঘটলে পরের ট্রেনগুলোর ওপর তার প্রভাব পড়ে।’