রাজধানীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫
ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় আজ শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের মূল ক্যাম্পাস ও হল প্রায় কাছাকাছি। এর ফলে সংঘর্ষের সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়াছুড়িতে উভয় পক্ষের হলের জানালার কাচসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে যায়। এলাকায় ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আজ রাত নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের একটি হলের সামনে অবস্থান করেছিলেন।
সরেজমিনে জানা গেছে, বিকেল চারটার দিকে পলিটেকনিকের শিক্ষার্থীরা টেক্সটাইলের নিজস্ব মাঠে ফুটবল খেলতে যান। একই সময়ে সেখানে খেলতে যান টেক্সটাইলের শিক্ষার্থীরা। খেলতে দেওয়া না-দেওয়া নিয়ে উভয় পক্ষের বাগবিতণ্ডায় হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি উভয় প্রতিষ্ঠানের হলগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইটপাটকেলের শিকার হয় কয়েকজন। ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। তবে কেউ গুরুতর আহত হননি।
পুলিশ ও উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলে সংঘর্ষ কিছুক্ষণের জন্য থেমে থাকে। তবে কিছুক্ষণ পর উভয় পক্ষের উত্তেজনায় আবারও শুরু হয় সংঘর্ষ। কাছাকাছি হওয়ায় বেশি সংঘর্ষ বাধে পলিটেকনিকের লতিফ ছাত্রাবাস ও মোতাহার হল এবং টেক্সটাইলের শহীদ আজিজ হল ও ওসমানী হলের শিক্ষার্থীদের মধ্যে।
টেক্সটাইলের কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁরা তাঁদের মাঠে পলিটেকনিকের শিক্ষার্থীদের খেলা শেষ করার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছিলেন। কিন্তু তা তাঁরা মানেননি। বরং শক্তি প্রদর্শনস্বরূপ হামলা করেছে।
তবে পলিটেকনিকের কয়েকজন শিক্ষার্থী জানান, রাজধানীর কলোনি বাজারে তাঁদের নিজস্ব মাঠ আছে। কিন্তু নির্মাণাধীন উড়ালসেতুর সরঞ্জাম সেখানে রাখায় খেলা যাচ্ছে না। তাই তারা টেক্সটাইলের মাঠে খেলতে গিয়েছিলেন। টেক্সটাইলের শিক্ষার্থীরা সাড়ে পাঁচটা থেকে খেলা শুরু করেন। তাঁরা গিয়েছিলেন চারটায়। সাড়ে পাঁচটার আগে খেলা শেষ করা হবে বলা হলেও টেক্সটাইলের শিক্ষার্থীরা তা মানেননি।
রাত আটটার দিকে পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসের প্রধান ফটকের সামনে ১৫-২০ জন পুলিশের অবস্থান দেখা যায়। ছাত্রাবাসের কলাপসিবল ফটক ছিল আটকানো। লতিফ ছাত্রাবাসের কয়েক গজ পূর্বে টেক্সটাইলের আজিজ হল। সেখানে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে চিত্কার চেঁচামেচি করছিলেন টেক্সটাইলের শিক্ষার্থীরা। পুলিশ ও টেক্সটাইল কর্তৃপক্ষ তাঁদের শান্ত করার চেষ্টা করছিল।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অপারেশন অফিসার তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।