রাজধানীতে বড়দিনের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিনের আনন্দ
বড়দিনের আনন্দ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’। রাজধানী ঢাকার বিভিন্ন চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের পাশাপাশি এসেছে বিভিন্ন ধর্মের মানুষও।

বড়দিন উপলক্ষে দেশের গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা হয়েছে। এ বছর বঙ্গভবনও সাজানো হয়েছে। রাজধানীর বিজয় সরণি চত্বর থেকে ফার্মগেট এবং উড়োজাহাজ চত্বরও সেজেছে বড়দিনের সাজে। গতকাল বুধবার রাত থেকে প্রার্থনা ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে বড়দিনের ক্রিসমাস ট্রি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে গির্জায় খ্রিষ্টজাগের (প্রার্থনা) মধ্য দিয়ে শেষ হয়েছে বড়দিনের ধর্মীয় আচার।

চার্চে গির্জার ফাদার আলবার্ট রোজারিওর সঙ্গে দিনের শেষ প্রার্থনায় সবাই অংশ নেন। এ সময় গির্জার ভেতরে ও বাইরে খ্রিষ্টান সম্প্রদায়ের ভিড় ছিল। প্রার্থনায় দেশ, জাতি, মানুষের মঙ্গল ও মিলন কামনা করে বলা হয়, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বড়দিন সবার। তিনি সবাইকে ভেদাভেদ ভুলে যাওয়ার আহ্বান জানান।

কাকরাইল চার্চে এসেছেন আহমেদ ইকবাল পারভেজ। তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষই মিলেমিশে বাস করে। আমাদের ঈদের সময় তারা যেমন শুভেচ্ছা জানায়, আমরাও তাদের জানাতে এসেছি।’

চার্চে বন্ধুদের নিয়ে এসেছিলেন আদ-দ্বীন উইমেন মেডিকেল কলেজের শিক্ষার্থী নাজিয়া নওরীন। তিনি বলেন, ‘ছুটির দিনে কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছিল। তাই এখানে এসেছি। অনেক সাজানো গোছানো পরিবেশ দেখে ভালো লাগছে।’

তেজগাঁওয়ের গির্জায় পরিবার নিয়ে বেড়াতে এসেছেন শ্যামল কান্তি বিশ্বাস। তিনি বলেন, ‘আমার ছোট মেয়ে বাইরে কোথাও বেড়াতে নিয়ে যেতে বলেছিল। আজকে বড়দিন। তাই এখানে এসেছি, খুব ভালো লাগছে।’