রাজধানীতে বর্জ্য অপসারণ শুরু
রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা একটার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ শুরু করা হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকেও বর্জ্য অপসারণ শুরু হয়েছে বলে জানা গেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘বেলা একটার দিকে কাকলি ব্রিজের পাশের গরুর হাট থেকে বর্জ্য সরানোর মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আক্তার হোসেন ভূঁইয়া অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপন কুমারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ার হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে গরুর হাটের ময়লা অপসারণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন মহল্লার অলিতে গলিতে গিয়ে ময়লা অপসারণ করবেন কর্মীরা। উত্তর সিটি করপোরেশনের নিজস্ব গাড়ি ও যন্ত্রপাতি ছাড়াও এ কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী এবং ঢাকা ওয়াসা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও গাড়ি দিয়ে সহায়তা করছে বলে জানান তিনি। দ্রুত কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্ভব হবে বলেও জানান তিনি।
এদিকে বেলা দুইটার দিকে নয়াবাজার গরুর হাটের ময়লা অপসারণের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক নজমুল ইসলাম বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধান নির্বাহী (সিইও) আনছার আলী খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক জাবেদ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।