রাজধানীতে বসবে ২৪টি পশুর হাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশনে মোট ২৪টি পশুর হাট বসবে, যার মধ্যে গাবতলী স্থায়ী পশুর হাটও রয়েছে। অস্থায়ী হাটগুলোয় কেনাবেচা জমে উঠলে এবং ঘরমুখো মানুষের ভিড় বাড়লে রাজধানীতে যানজট মাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তবে যানজট নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
অস্থায়ী হাটগুলোর ইজারাদারেরা অবকাঠামো নির্মাণ শুরু করেছেন। অনেক জায়গায় অস্থায়ী হাটের অবকাঠামো দাঁড়িয়ে গেছে। পশু বাঁধার জন্য সামান্য ব্যবধানে বাঁশের খুঁটি মাটিতে পুঁতছেন। গরু ব্যবসায়ীদের বিশ্রামের জন্য আলাদা জায়গা করা হয়েছে। হাটের সুবিশাল তোরণ নির্মাণ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে হাট বসবে ১০টি। এর মধ্যে নয়টি অস্থায়ী আর গাবতলী হাটটি স্থায়ী। প্রথমে আটটি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত থাকলেও পরে মহাখালীর কড়াইল এলাকায় অবস্থিত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের মাঠে নতুন আরেকটি হাট বসানোর অনুমতি দিয়েছে ডিএনসিসি। আর রায়েরবাজার কবরস্থানসংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমিতে হাট বসানোর অনুমতি দিয়ে পরে সেটি বাতিল করে ডিএনসিসি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাটটি বসার সম্ভাবনা আছে। এই হাটটি বসলে ঢাকা উত্তরে হাট হবে ১১টি। সে ক্ষেত্রে এবার মোট হাট হবে ২৫টি। বাংলাদেশ তাঁত বোর্ডের আপত্তির কারণে ডিএনসিসি ভাষানটেক এলাকার বেনারসিপল্লির মাঠে অস্থায়ী পশুর হাট বসাতে পারছে না।
ডিএনসিসির বসানো অস্থায়ী হাটগুলো হচ্ছে কুড়িল ফ্লাইওভার-সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্ত সড়কের পাশের বাংলাদেশ পুলিশের হাউজিংয়ের জমি ও আশপাশের খালি জায়গা, উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মহাখালীর কড়াইল এলাকার টিঅ্যান্ডটি মাঠ, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের খালি জায়গা, বাড্ডা (ইন্দুলিয়া, দাউদকান্দি, বাঘাপুর) পশুর হাট, আশিয়ান সিটি হাউজিং পশুর হাট ও ভাটারা (সাইদনগর) পশুর হাট।
দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) হাট বসছে ১৪টি। প্রথমে ডিএসসিসির তালিকাভুক্ত হাটের সংখ্যা ১২টি থাকলেও পরে তালিকায় আরও দুটি নতুন হাট যুক্ত হয়। করপোরেশন এলাকায় নতুন আটটি ইউনিয়ন যুক্ত হওয়ায় দুটি হাটও যুক্ত হয়েছে। হাট দুটি হচ্ছে শ্যামপুর ও দনিয়া। শ্যামপুর হাটটির বরাদ্দ নিয়ে শুরুতে জটিলতা দেখা দিলেও পরে তা কেটে যায়। ইতিমধ্যে নতুন এই হাট দুটির বরাদ্দ চূড়ান্তও করে ফেলেছে সংস্থাটি। তবে এখনো লালবাগ মরহুম হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠটির ইজারাদার চূড়ান্ত করতে পারেনি ডিএসসিসি।
ডিএসসিসির চূড়ান্ত করা হাটগুলো হচ্ছে রহমতগঞ্জ খেলার মাঠ, খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের হাট, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ধূপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন জায়গা, জিগাতলা হাজারীবাগ মাঠ, যাত্রাবাড়ী কাঁচাবাজারের ভেতরের জায়গা, ব্রাদার্স ইউনিয়ন-সংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর ও দনিয়া হাট। ডিএমপির ভারপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, হাট হবে, ঘরমুখো মানুষের ভিড় থাকবে, সেটা স্বাভাবিক। এ বিষয়গুলো যানজটে প্রভাব ফেলবে না। যানজট নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিকের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।