রাজধানীতে বহুতল ভবনের নিচে গৃহকর্মীর রক্তাক্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তোপখানা রোডের বহুতল ভবন মেহেরবা প্লাজার পূর্ব পাশ থেকে গতকাল শনিবার জহুরা বেগম (৫০) নামের এক মহিলার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তিনি ওই ভবনের মালিকের বাসায় কাজ করতেন। মালিক ও তাঁর স্ত্রী ১১ তলা থেকে ফেলে তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শাহবাগ থানার অপারেশন কর্মকর্তা ব্রজেন ভদ্র প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্মী জহুরার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। জহুরার একমাত্র সন্তান শাহাদত (১৮) দাবি করেন, নির্যাতনের পর তাঁর মাকে ফেলে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মেহেরবা প্লাজার মালিক মহসিন বাকারের ১১ তলার ফ্ল্যাটে জহুরা গৃহকর্মীর কাজ করতেন। গতকাল সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মেহেরবা প্লাজার পূর্ব পাশের মাঝখানের খালি জায়গা থেকে জহুরার লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। পরে মেহেরবা প্লাজার দোতলার কার্নিশের ওপর থেকে হাতটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মহসিন ও তাঁর স্ত্রী জহুরাকে শাহবাগ থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাস্থলে রোকেয়া বেগম নামের এক গৃহকর্মী অভিযোগ করেন, মারধরের কারণে মেহেরবা প্লাজার মালিকের বাসায় কেউ এক মাসের বেশি কাজ করতে পারেন না। অনেক দিন আগে তাঁকে ওই বাসায় কাজ করার প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। মারধরের কারণে কিছুদিন আগে ওই বাসা থেকে এক গৃহকর্মী পালিয়ে গেলে তাঁর বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়।নিহত জহুরার ছেলে শাহাদত জানান, তিনি ভ্যানে পানি পরিবহনের কাজ করেন। থাকেন মতিঝিল এজিবি কলোনিতে তাঁর খালার বাসায়। মাঝেমধ্যে কিছু টাকা নিতে তাঁর মায়ের কাছে আসতেন। গত সপ্তাহে মা তাঁকে বলেছিলেন, ‘আমাকে এখান থেকে নিয়ে যা, ওরা আমাকে মারধর করে।’শাহাদত অভিযোগ করেন, মায়ের সঙ্গে তিনিও মেহেরবা প্লাজার মালিকের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। কাজে দেরি হলে বাড়ির মালিক মহসিন ও তাঁর স্ত্রী তাঁকে মারধর করতেন। তাঁর সামনে অনেক দিন তাঁর মাকেও মারধর করেন তাঁরা। নির্যাতনের কারণে তিনি বছরখানেক আগে ওই বাসা ছেড়ে চলে যান। গৃহকর্তা মহসিন দাবি করেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার পুলিশ তাঁর ফ্ল্যাটে এসে দরজার কড়া নেড়ে ভেতরে ঢোকে। পুলিশের কাছে তাঁরা প্রথম গৃহকর্মীর মৃত্যুর খবর শোনেন। গৃহকর্মী বাসার পেছনের জানালা দিয়ে পড়ে গেলেও তাঁরা কেউ টের পাননি। তিনি দাবি করেন, জহুরা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কম শুনতেন, চোখেও কম দেখতেন।জহুরা বাকার দাবি করেন, জহুরা বেগম ছাড়াও তাঁদের বাসায় চার-পাঁচজন নারী কাজ করছেন। ১৫ বছর ধরে জহুরা মাসিক দুই হাজার টাকা বেতনে তাঁদের বাসায় কাজ করতেন। জহুরার ওপর কখনো নির্যাতন করা হয়নি।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জহুরার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এতে বলা হয়, জহুরার ডান হাত ভাঙা ছিল। বাঁ বাহুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।