রাজধানীতে বাঘের জন্য সারা দিন

সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত, তা-ও বাঘ বন্দনা শেষ হয় না। কেউ বাঘের ছবি আঁকছেন, কেউবা বাঘের মুখোশ বানাচ্ছেন। অন্যদিকে দৃঢ় পায়ে দুটি বিশাল আকৃতির বাঘ দাঁড়িয়ে আছে। কৃত্রিম হলেও এভাবেই একটুকরো সুন্দরবন দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়।
গতকাল শনিবার বাঘ রক্ষায় প্রচারাভিযানের অংশ হিসেবে ‘বাঘের জন্য সারা দিন’ কর্মসূচি পালন করে বন বিভাগ ও বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম। যুক্তরাষ্ট্রের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বাঘ প্রকল্পের অংশ হিসেবে দুই বছরব্যাপী প্রচারণা গত বৃহস্পতিবার শুরু হয়েছে।
সকালে চারুকলার সামনে ছিল বাঘ বাস বা টাইগার ক্যারাভ্যান। বাঘের আকৃতির ওই বাসের ভেতরে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১৫ হাজার দর্শনার্থী ঘুরে দেখেছে। বাসের ভেতরে সুন্দরবনের আবহতে সবাই মুগ্ধ।
দেশের খ্যাতনামা ২০ চিত্রশিল্পীর আঁকা বাঘের চিত্রকর্মের মধ্যেও বাঘের সৌন্দর্য, শক্তি, সাহস দেখা গেল। সেই সঙ্গে বাঘের জন্য হুমকি বিদ্যুৎকেন্দ্র, সুন্দরবনের ভেতর দিয়ে চলাচল করা জাহাজ, চোরা শিকারীদের উৎপাত—এসবই ফুটে উঠেছে শিল্পীর তুলির আঁচড়ে।
শিশুরাও কম যায় না। তারাও তাদের চোখে সুন্দরবন ও বাঘের যত বিপদ আছে তা ফুটিয়ে তোলে। বাঘের মুখ, ভেংচি, চোখ সবই ছিল তাদের চিত্রকর্মের বিষয়বস্তু। বাঘবিষয়ক পটচিত্র এঁকে শিশুদের আগ্রহ আরও বাড়িয়ে দেন শিল্পী টাইগার নাজির। মেলায় আটটি স্টলে বাঘবিষয়ক প্রদর্শনীও চলে সারা দিন।
সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে ২০টি শিশুকে তাদের চিত্রকর্মের জন্য পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বাঘ সম্পর্কে সচেতনতা তৈরি করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সন্ধ্যায় বাঘের জন্য গানের দল জলের গান ও লালনসংগীত পরিবেশন করে। শুক্রবার বন্ধের দিন থাকায় বিপুলসংখ্যক দর্শক ওই কনসার্ট উপভোগ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম। এই আয়োজনের সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গাজী টিভি, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকম, এবিসি রেডিও এবং কিশোর আলো।