রাজধানীতে বাস চাপা পড়ে দুই যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বুধবার দুটি পৃথক দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা দুটি ঘটে খিলক্ষেত ও শ্যামলীতে।
রাতে খিলক্ষেতে বাসের নিচে চাপা পড়ে বাবুল বড়ুয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। বাসটির একটি চাকা ফেটে গেলে তা সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, তুরাগ পরিবহনের বাসটি সায়েদাবাদ যাচ্ছিল। খিলক্ষেতের বনরূপা এলাকায় পৌঁছালে এর পেছনের চাকা ফেটে যায়। এতে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন বাসের নিচ থেকে বাবুল বড়ুয়ার প্রায় নিথর দেহ উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া বলেন, বাবুল বড়ুয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকালে শ্যামলীতে বাসের ধাক্কায় আরমান (২৫) নামে এক যুবক নিহত হন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহত যুবকের চাচা রিয়াজ উদ্দিন হাসপাতালে বলেন, আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।