রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
বেপরোয়া বাসের চাপায় ঝরে গেল স্কুলছাত্র বাবুর (১১) প্রাণ। গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুরের চিড়িয়াখানার গাড়ি রাখার স্থানে বাসটি তাকে চাপা দেয়। বাবু বোটানিক্যাল গার্ডেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত। সে তার বাবা-মায়ের সঙ্গে শাহ আলী থানার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কলোনিতে থাকত। শাহ আলী থানা সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে স্কুলছাত্র বাবু চিড়িয়াখানার গাড়ি রাখার স্থান দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় নবকলি পরিবহনের বাসের চালকের সহকারী রবিন বাসটি সেখানে রাখতে গিয়ে তাকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে শাহ আলী থানার পুুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের কাছেই শিশুটির বাবা আবুল হোসেনের চায়ের দোকান। ছেলের নিথর দেহ দেখে তিনি কয়েকবার মূর্ছা যান। জ্ঞান ফিরে এলে তিনি বিলাপ করে বলেন, ‘ছেলেই ছিল আমার আশা-ভরসা। একমাত্র ছেলে বেঁচে নেই, আমার বেঁচে থেকে আর কী লাভ।’ স্বজনেরা জানান, একমাত্র ছেলেকে হারিয়ে মা-ও পাগলপ্রায়। এ ব্যাপারে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, বাসটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়েছে। এ ব্যাপারে নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।