আড়িয়ল বিল এলাকায় পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বিএনপি আজ বুধবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে সারা দেশে ‘গণআন্দোলনের’ কর্মসূচি দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে বিএনপির সংসদীয় দল।এ ছাড়া বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার রাজধানীতে কয়েকটি গাড়িতে আগুন দেন ও ভাঙচুর করেন। বিএনপি আজ বিকেলে ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশ ডেকেছে।কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বিকেলে এক যৌথ সভার পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। তিনি এই মামলাকে মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসামূলক বলে উল্লেখ করেন। মহাসচিব দাবি করেন, বিএনপিকে গণমানুষের আন্দোলন থেকে দূরে রাখতে সরকার ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করেছে।সংসদীয় দলের দাবি: খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে সারা দেশে গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে গতকাল জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সংসদের মিডিয়া সেন্টারে বিএনপির সংসদীয় দল আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, মামলা প্রত্যাহার করা না হলে সারা দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে। আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে মুন্সিগঞ্জবাসী সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করছে। যে নাশকতা ঘটেছে, তার সঙ্গে সরকারদলীয় স্থানীয় সাংসদেরা জড়িত, বিএনপি নয়। জনগণের আন্দোলনের প্রতি বিএনপির নৈতিক সমর্থন রয়েছে।ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জয়নুল আবদিন বলেন, বিএনপি যখনই সংসদে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তখনই সরকার বিরোধী দলের ওপর নানা ধরনের নির্যাতন চালাতে শুরু করে। তিনি বলেন, হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের মাত্র ২৭ ভাগ ব্যবহার করা হয়। সারা দেশের বিমানবন্দরগুলো অচল। এ অবস্থায় আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণ অবান্তর। তিনটি বাসে আগুন: গতকাল বিকেল পাঁচটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কাকরাইল মোড় হয়ে বিএনপি কার্যালয়ের সামনে ফিরে আসে। এ সময় ছাত্রদলের কিছু বিক্ষুব্ধ কর্মী দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেন। তাঁরা এ সময় অন্তত পাঁচটি বাস ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন। পুলিশ ছাত্রদলের কর্মীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিপেটা করে। এ সময় পুলিশের সঙ্গে কার্যালয়ের সামনে থাকা মূল দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরও দফায় দফায় সংঘর্ষ হয়। কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ১৯ নেতা-কর্মীকে আটক করে বলে জানা গেছে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার জানান, ছাত্রদল ও যুবদলের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, সেখানে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মিরপুর এক নম্বরে সুপারলিংক এবং সাড়ে ১১ নম্বরে চয়েস পরিবহনের একটি করে বাসে অগ্নিসংযোগ করা হয়। এ দুটি ঘটনায় কেউ আহত হয়নি। দমকল বাহিনী আগুন নিভিয়ে ফেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার ঘটনায় স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করেন। এরপর তাঁরা বাসে আগুন দেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে যুবদলাল নয়াপল্টনে সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, আড়িয়ল বিলের মানুষ অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন করছে।