রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলাকালে আজ শনিবার বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

ফার্মগেটে আজ শনিবার রাত আটটার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে অবরোধে রাজধানীতে সারা দিনে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সকাল সাতটার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের পেছনের একটি গলিতে জামায়াতের ১০-১২ জন কর্মী ব্যানার নিয়ে একটি মিছিল বের করেন। তাঁরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা বেশ কটি ককটেলের বিস্ফোরণে ঘটান। ঘটনাস্থল থেকে জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

সকাল সাড়ে আটটার দিকে পুরান ঢাকার ইসলামপুরে পুলিশের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। এ ছাড়া গাবতলী, আজিমপুর বাসস্ট্যান্ড, শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অবরোধকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। শাহজাহানপুরে যানবাহন ভাঙচুর ও সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়।

বেলা ১১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া বাজারের সামনে অবরোধ-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় আবদুল মাজেদ ও তাঁর ছেলে মাহির আহমেদ নামের দুজন পথচারী গুলিবিদ্ধ হন।

বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া নগরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম দেখা গেলেও গণপরিবহন ছিল প্রায় স্বাভাবিক। সকাল থেকেই  থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় দেখা গেছে। তবে মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।