রাজধানীতে বাসে আগুন যানবাহন ভাঙচুর

রাজধানীতে গতকাল শুক্রবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের সমাবেশ চলাকালে ও পরে পৃথক স্থানে দুটি যানবাহনে অগ্নিসংযোগ এবং কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলগামী একটি মিছিল থেকে সেগুনবাগিচা কাঁচাবাজারের কাছে একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আবদুর রাকিব বলেন, ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয় লোকজন ওই গাড়ির আগুন নিভিয়ে ফেলেন।
বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর ১০ নম্বরে সমাবেশমুখী একটি মিছিল থেকে কয়েকটি বাস ভাঙচুর করা হয়। এরপর ওই এলাকায় নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি শুরু হয়।
সমাবেশ শেষ হওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে কারওয়ান বাজারে হোটেল সুপার স্টারের সামনে গুলিস্তান থেকে মিরপুরগামী ইটিসি ট্রান্সপোর্ট কোম্পানির একটি মিনিবাসে যাত্রীবেশে ওঠা কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে নেমে ফার্মগেটের দিকে পালিয়ে যায়। মিনিবাসটিতে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এতে ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে।
তেজগাঁও এলাকার ট্রাফিক পরিদর্শক ফায়েজুর রহমান বলেন, ১৮ দলের নেতা-কর্মীরা সমাবেশ থেকে ফেরার পথে মিনিবাসটিতে আগুন দিয়ে থাকতে পারেন। পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নয়াপল্টন: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সকাল থেকে ঘিরে ছিল পুলিশ। প্রধান ফটক ছিল তালাবদ্ধ। সামনের সড়কে ছিল জলকামান। আশপাশের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। যানবাহন চলাচলও ছিল কম।
বেলা তিনটার দিকে সেখানে কর্তব্যরত ডিবির অতিরিক্ত উপকমিশনার আবদুর রাকিব বলেন, এখানে তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে রাস্তার দুই ধারে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে ছিলেন। সেখানে একাধিক সাঁজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়। ওই এলাকা দিয়ে একের পর এক মিছিল সমাবেশে যোগ দিতে যায়, তবে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।