রাজধানীতে বাসে আগুন, শিক্ষার্থীসহ দগ্ধ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দগ্ধরা। ছবি: মনিরুল আলম
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দগ্ধরা। ছবি: মনিরুল আলম

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিনে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রায়েরবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে হরতাল সমর্থকদের দেওয়া আগুনে শিক্ষার্থীসহ আটজন দগ্ধ হয়েছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এঁরা হলেন আবদুল মান্নান, বি এম শুভ, আবু বক্কর সিদ্দিকী, আবদুর রহিম, মো. খলিল, আবদুল হাই, পলিটেকনিকের শিক্ষার্থী তারেক আহমেদ ও ইডেন কলেজের শিক্ষার্থী রাবেয়া বেগম।

বার্ন ইউনিটের চিকিত্সক জানিয়েছেন, আবদুল মান্নানের শরীরের ১৯ শতাংশ, বিএম শুভর ১৫ শতাংশ, আবু বক্কর সিদ্দিকীর ৪ শতাংশ, তারেক আহমেদ ২৫ শতাংশ, রাবেয়া বেগমের ১১ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ জানায়, বেলা পৌনে দুইটায় ঢাকা-আদমজী রুটের কোমল মিনিবাস সার্ভিসের বাসটি ১৫-২০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে আদমজীর দিকে যাচ্ছিল। চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে স্পিডবার্ড ফিলিং স্টেশনের সামনে গেলে হঠাত্ বাসের ভেতর আগুন জ্বলে ওঠে।