রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় বাসের ধাক্কায় আবু হানিফ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
আবু হানিফের বাবার নাম সুলতান মল্লিক। তিনি যাত্রাবাড়ীর ধলপুরের ৯০/১-বি নম্বর বাসায় থাকতেন। যাত্রাবাড়ী এলাকায় একটি ওষুধের দোকানে কাজ করতেন তিনি।
আবু হািনফকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জামাল ও আবু হানিফের ভাতিজা শহীদুল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপপরিদর্শক জামাল বলেন, আজ দুপুরে তিনি যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। তখন শিখর পরিবহনের একটি বাস মোড় ঘোরার সময় আবু হানিফকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দুইটার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, আবু হানিফের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।