রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১
রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় মো. সুমন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমনের বাবার নাম আবদুল গফুর। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। মিরপুরের পল্লবী এলাকায় ভাড়া থাকতেন তিনি ।
রকি নামের এক ব্যক্তি সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। নিজেকে সুমনের দূরসম্পর্কের আত্মীয় পরিচয় দিয়ে রকি বলেন, আজ দুপরে এক ব্যক্তি মুঠোফোনে জানান, মিরপুর-১০ এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে এক ব্যক্তি পড়ে রয়েছেন। তাঁর পকেটে থাকা মুঠোফোনে তাঁর নম্বরটি পাওয়া গেছে।
রকির ভাষ্য, এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সড়কের পাশে সুমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখানে উপস্থিত লোকজন জানান, সুমনকে একটি বাস ধাক্কা দিয়ে পালিয়েছে। তবে, কোন বাস সেটি তাঁরা বলতে পারেননি।
রকি বলেন, এরপর লোকজনের সহায়তায় সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বেলা সোয়া দুইটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সুমনের লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা।