রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত
রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় আবুল কালাম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম মিরপুরের শাহ আলীবাগ এলাকার আবদুল খালেকের ছেলে।
আবুল কালামকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া সেলিম বলেন, দুপুরে আবুল কালাম মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শিখর পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় কালামকে উদ্ধার করে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাসিরের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তারা তাঁকে মৃত ঘোষণা করেন।
সেলিম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পকেটে পাওয়া ভোটার আইডি কার্ড থেকে তাঁর পরিচয় জানা গেছে। এ ঘটনায় পুলিশ ওই বাসের চালক মিরাজকে আটক করেছে।