রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাসের ধাক্কায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের নিহত ওই সদস্যের নাম কনস্টেবল সোহেল রানা (৩২)। তিনি পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম খলিলুর রহমান। কুষ্টিয়ার থানা পাড়ার পুলিশ লাইন এলাকায় তাঁর গ্রামের বাড়ি।
তেজগাঁও থানার পুলিশ জানায়, দুপুরের দিকে সোহেল মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। কারওয়ান বাজারে বিআরবি কেবলসের এমআরএস ভবনের কাছে যাত্রীবাহী একটি মিনিবাস সোহেলের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা মেরে চলে যায়। এতে ছিটকে পড়ে সোহেল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ধাক্কা দিয়ে মিনিবাসটি নিয়ে চালক পালিয়ে গেলেও পরে শেওড়াপাড়া এলাকায় ধরা পড়েন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।