রাজধানীতে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
বাবার বুকের ওপর দেড় বছরের শিশু। কাঁদছে। চারপাশে কিছু অচেনা মুখ। বাবার কোনো সাড়া নেই। পড়ে আছেন রাস্তার ওপর। একটি বাস চিরতরে নিস্তব্ধ করে দিয়েছে তাঁকে। তিনি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক বেলাল হোসেন। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁও এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। এতে আহত হয়েছে বেলালের দেড় বছরের শিশুসন্তানসহ আরও চারজন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বেলাল হোসেন মিরপুরের উত্তর কাজীপাড়া এলাকায় থাকতেন। গতকাল বেলা ১১টার দিকে তিনি রিকশাযোগে আগারগাঁওয়ের আইডিবি ভবনে যাচ্ছিলেন। রিকশায় তাঁর সঙ্গে ছিল দেড় বছরের শিশু সামিয়া আম্বার, শ্যালক ও শ্যালিকা। শিশুটি ছিল শ্যালিকার কোলে। রিকশাটি তালতলা এলাকায় আইডিবি ভবনসংলগ্ন সড়কের পূর্ব থেকে পশ্চিম পাশে যাচ্ছিল। ওই সময় মিরপুর থেকে যাত্রাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস (১৫ নম্বর) রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই সড়কে ছিটকে পড়েন রিকশাচালকসহ সব আরোহী। আহত হন রিকশাচালকসহ সবাই।গুরুতর আহতাবস্থায় সাংবাদিক বেলালকে পথচারীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেনকে মৃত ঘোষণা করেন। বেলালের মাথা, বুক ও মেরুদণ্ডে আঘাত লেগেছে। বেলালের শ্যালক মাইনুল ইসলাম ও শ্যালিকা নাজনীন সুলতানাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু সামিয়া আঘাত পায় হাতে। তবে রিকশাচালকের ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেনি। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ঘটনার পরই বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসসহ চালকের সহযোগীকে (হেলপার) আটক করা হয়েছে। তাঁর নাম কবীর হোসেন (২৮)। বাসের যাত্রী মোফাচ্ছেল হক জানান, বাসে তাঁরা প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। রিকশায় ধাক্কা দিয়েই চালক চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যান। বাসটি কিছু দূর চালকহীন অবস্থায় গিয়ে সামনের আরেকটি বাসের পেছনে ধাক্কা খেয়ে থেমে যায়। যাত্রীরা নেমে যে যার মতো চলে যায়। মোফাচ্ছেল হক জানান, রিকশাচালকসহ আরোহীরা সড়কে কিছুক্ষণ পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। পরে কয়েকজন পথচারী নিহতের শ্যালিকা ও রিকশাচালককে হাসপাতালে নিয়ে যায়। শ্যালিকার কোলে থাকা শিশুটিকে রেখে যাওয়া হয় নিহতের (বেলাল) বুকের ওপর। চিৎকার করে কাঁদছিল শিশুটি। পরে তিনি কয়েকজনকে ডেকে ধরাধরি করে তাঁদের হাসপাতালে নিয়ে যান। শ্যালক মাইনুলকেও তখন হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ছুটে যান বেলালের সহকর্মী সাংবাদিক ও আত্মীয়স্বজনেরা। বেলালের স্ত্রী নাসরিন সুলতানার কান্নায় সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কাঁদছিল অবুঝ সামিয়া। ‘আল্লাহ এ নিষ্পাপ মেয়ের জন্য হলেও তাঁর (বেলাল) জানটা ভিক্ষা দাও’—বিলাপ করে বলছিলেন নাসরিন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগারগাঁওয়ের এই সড়কটি খুবই ব্যস্ত। এই পথে মিরপুরের বাসগুলো সব সময়ই বেপরোয়া গতিতে চলে। তার মধ্যে আইডিবি ভবনে যাওয়ার জন্য রিকশাসহ বিভিন্ন যানবাহন ওই স্থান দিয়ে পারাপার হয়।নিহতের শ্যালক তিতুমীর কলেজের শিক্ষার্থী মাইনুল ইসলাম জানান, তিনি ভগ্নিপতি বেলালের বাসায় থাকেন। তাঁর ছোট বোন নাজনীন দুই দিন আগে গ্রামের বাড়ি বগুড়া থেকে বেড়াতে এসেছেন। কম্পিউটারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তাঁরা আইডিবি ভবনে যাচ্ছিলেন। সময় টেলিভিশনের বার্তাপ্রধান তুষার আবদুল্লাহ বলেন, ‘বেলাল হোসেন দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায় কাজ করেন। গত এপ্রিলে তিনি যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে সময় টেলিভিশনে যোগ দেন। গত শুক্রবার রাত ১২টা পর্যন্ত অফিসের কাজ করে বাসায় যান। গতকাল শনিবার বেলা দুইটায় তাঁর অফিসে আসার কথা ছিল। সম্ভবত আইডিবি ভবনে কাজ সেরেই তিনি অফিসে আসতেন। কিন্তু তিনি আর কখনো অফিসে আসবেন না।’সহকর্মীদের কাছে বেলাল একজন মানবিক গুণসম্পন্ন মানুষ ছিলেন। ছিলেন বিনয়ী, মিষ্টভাষী ও শান্ত স্বভাবের মানুষ। বেলাল হোসেনের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার আন্ধিপাড়া গ্রামে। বাবা ফজরউদ্দিন বেপারী। ময়নাতদন্ত শেষে বেলালের লাশ গতকাল বিকেল পাঁচটায় সময় টেলিভিশন ভবনের সামনে আনা হয়। সেখানে জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হবে।