সরকারি সিদ্ধান্ত অমান্য করে যাত্রীদের পকেট কাটছেন রাজধানী ঢাকায় চলাচলকারী পরিবহনের মালিক-শ্রমিকেরা। বাস-মিনিবাসে ৫ থেকে ১২ টাকা পর্যন্ত বাড়তি আদায় করা হচ্ছে। লেগুনাসহ নানা নামে চলাচলকারী হিউম্যান হলারের মালিক-শ্রমিকেরাও এ কাজে শামিল হয়েছেন। অথচ সরকার এসব ছোট যানের ভাড়াই নির্ধারণ করে না।
সরেজমিনে দেখা গেছে, এখনো অধিকাংশ বাসে সরকারি ভাড়ার তালিকা টাঙানো হয়নি। কিছু কিছু বাস-মিনিবাসে যে তালিকা টাঙানো হয়েছে, তা সরকার-নির্ধারিত ভাড়ার তালিকা নয়। মালিক সমিতিগুলো নিজেরাই এসব তালিকা তৈরি করেছে। ‘সিটিং সার্ভিস’ নাম দিয়ে চলা কিছু বাস-মিনিবাসে ১৫ টাকা সর্বনিম্ন ভাড়া আদায় করা হচ্ছে। অথচ বড় বাসের জন্য সাত টাকা এবং মিনিবাসে পাঁচ টাকা সর্বনিম্ন ভাড়া ঠিক করে দিয়েছে সরকার।
মোটরযান আইনে ভাড়াভিত্তিক বাণিজ্যিক পরিবহনে ‘সিটিং সার্ভিস’ বলতে কোনো ভাগ নেই। কারণ, একটি বাস বা মিনিবাস ৮০ শতাংশ আসন ভর্তি করে চলবে ধরে নিয়েই নতুন ভাড়া ঠিক করা হয়েছে। অর্থাৎ বড় বাসে যাত্রী হবে ৪১ জন আর মিনিবাসে ২৫। এটা হলে সব যাত্রীরই আসনে বসে যাওয়ার কথা। কিন্তু রাজধানীতে চলাচলকারী বাসে বাড়তি আসন যোগ করার পরও যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করেন।
মোটরযান আইনে চালকসহ ৩১ আসনের যানকে মিনিবাস এবং ৫১ আসনের যানকে বড় বাস হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু ঢাকায় বাড়তি আসন যুক্ত করে চালানো হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ভাড়া নিয়ে নৈরাজ্য শুরু হয়ে গেছে। সরকার এর আগেও নির্ধারিত ভাড়া কার্যকর করতে পারেনি। এবার ব্যর্থ হলে যাত্রীদের সঙ্গে প্রতিদিনই সমস্যা হবে শ্রমিকদের।
সিএনজির দাম বাড়ায় ঢাকা ও এর আশপাশের জেলায় এবং চট্টগ্রামে এই গ্যাসে চালিত বাস-মিনিবাসের ভাড়া প্রত্যেক যাত্রীর জন্য প্রতি কিলোমিটারে ১০ পয়সা বৃদ্ধি করে সরকার। গত বৃহস্পতিবার থেকে এই নতুন ভাড়ার হার কার্যকর হয়েছে। নতুন হার অনুসারে বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৭০ পয়সা। মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৬০ পয়সা।
এ বিষয়ে সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, বাসে তালিকা থাকবে একটি, আর তা সরকারি তালিকা। এর ব্যতিক্রম হলেই ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবেন। সিটিং সার্ভিস বলে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই।
বাসের ভাড়া ইচ্ছেমতো: মিরপুর ১ নম্বর থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী নিউ ভিশন পরিবহনের একটি মিনিবাসের চালকের সহকারী আকতার বলেন, ‘ফার্মগেটের ভাড়া নিতাছি ১৫ টাকা, আগে ১৩ টাকা নিতাম। আর মতিঝিল পর্যন্ত ২৩ টাকার জায়গায় ২৭ টাকা নিতাছি।’
তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়ার তালিকা অনুসারে, মিরপুর-১ থেকে ফার্মগেট হয়ে মতিঝিলের দূরত্ব ১৩ কিলোমিটারের সামান্য বেশি। নতুন হার অনুসারে এই পথের ভাড়া আসে ২১ টাকা। অথচ এই পরিবহনের মালিকেরা আগে থেকেই আদায় করে আসছেন ২৩ টাকা; এখন ২৭ টাকা।
নিউ ভিশনসহ কয়েকটি কোম্পানির বাস ‘সিটিং সার্ভিস’ নাম দিয়ে চলাচল করছে। এ জন্য বাসে উঠলেই ১৫ টাকা ভাড়া গুনতে হচ্ছে। অথচ সরকার মিনিবাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে দিয়েছে পাঁচ টাকা।
মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ পর্যন্ত চলাচলকারী দিশারী পরিবহনের বাস-মিনিবাসের প্রতিটির জানালায় ভাড়ার তালিকা লাগানো। তবে তা সরকারের তৈরি নয়, মালিক সমিতির করা। আর চালকের পাশে একটি সরকারি তালিকা দেখা গেছে। মালিক সমিতির তালিকায় মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের ভাড়া ৩৫ টাকা। নেওয়া হচ্ছে ৪০ টাকা। আর সরকারের করা তালিকা অনুসারে এর ভাড়া ২৭ টাকা ৫২ পয়সা। বিআরটিএর হিসাবে, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের দূরত্ব ১৭ দশমিক ২ কিলোমিটার।
বিকল্প ও সেফটি পরিবহনের বাসগুলোতে মিরপুর পল্লবী থেকে নিউমার্কেট পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ২৪ টাকা। আগে এই পথের ভাড়া আদায় করা হতো ২০ টাকা। বিআরটিএর হিসাবে এই পথের দূরত্ব সাড়ে ১২ কিলোমিটার। নতুন হারেই ভাড়া আসে ২০ টাকা।
সেফটি পরিবহনের একটি বাসের চালকের সহকারী ইমরান বলেন, ‘মামা, মালিক তো ভাড়া বাড়ায় শেষ। কইছে স্টুডেন্ট ভাড়া ১৫ টাকা নিতে। কেউ তো দিতে চায় না। নরমাল ভাড়া ২০ টাকাই দেয়। ২৪ টাকা চাইলেই গ্যাঞ্জাম লাগতাছে।’
হিউম্যান হলারে অরাজকতা: মিরপুর ১ নম্বর থেকে জিগাতলা পর্যন্ত লেগুনার ভাড়া ছিল ১৮ টাকা। বৃহস্পতিবার থেকে ভাড়া সাত টাকা বাড়িয়ে দিয়েছেন মালিক-শ্রমিকেরা। সর্বনিম্ন ভাড়া সাত টাকা। হিউম্যান হলার মালিক সমিতির পক্ষ থেকে প্রতিটি লেগুনায় নতুন ভাড়ার তালিকাও টাঙানো হয়েছে।
ঢাকায় যেসব ছোট যান লেগুনা, গ্রামীণ, ম্যাক্সি নামে চলাচল করে, বিআরটিএ সেগুলোকে হিউম্যান হলার হিসেবে নিবন্ধন দেয়। ঢাকায় এই ছোট যানের নিবন্ধন আছে ৩ হাজার ৯১৪টির। এর অনেকগুলোরই মেয়াদোত্তীর্ণ হয়ে ঢাকার বাইরে চলে যাওয়ার কথা। ট্রাফিক পুলিশ, বিআরটিএ ও মালিক-শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঢাকা ও এর আশপাশে প্রায় ১০ হাজার হিউম্যান হলার চলে। এগুলো সিএনজিতে নাকি ডিজেলে চলে—এরও কোনো হিসাব নেই বিআরটিএতে।
হিউম্যান হলার মালিক সমিতির (মিরপুর-১ টু জিগাতলা) মো. শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের দিকটা দেখে না। চাকার দাম বাড়ছে, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ বাড়ছে। ভাড়া আমরাও বাড়াইতে চাই না। আমরা যা ভাড়া নির্ধারণ করছি, তা বাস্তবসম্মত।’
লেগুনায় মিরপুর ১ নম্বর থেকে মহাখালীর ভাড়া ছিল ১৫ টাকা। বৃহস্পতিবার থেকে তা ২০ টাকা নেওয়া হচ্ছে। গাবতলী থেকে মহাখালী পথে চলাচলকারী লেগুনার ভাড়া ১৫ টাকার বদলে ২০ টাকায় ঠেকেছে।
মিরপুর ১ নম্বর থেকে জিগাতলা যাবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান মুকিত। বললেন, ‘সরকার কিলোমিটারপ্রতি ভাড়া বাড়াল ১০ পয়সা। তাতে মিরপুর ১ নম্বর থেকে জিগাতলার ভাড়া কীভাবে সাত টাকা বাড়ায় ফেলে। এসব দেখার জন্য দেশে কি কোনো কর্তৃপক্ষ নেই।’
এ বিষয়ে সড়ক পরিবহন বিভাগের সচিব বলেন, হিউম্যান হলারের ভাড়া বৃদ্ধি করা হয়নি। ভবিষ্যতে এর ভাড়া নির্ধারণ করে দেওয়ার বিষয়ে ভেবে দেখা যেতে পারে।
আরও পড়ুন: