রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়ালে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তির নাম নাজির হোসেন (৩৫)। বাবা রমজান আলী। কামরাঙ্গীরচরের দেওলাহাটি এলাকায় তাঁর বাড়ি। তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
নাজির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা তাঁর শ্যালক শরিফুলের ভাষ্য, আজ সকাল সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার দেয়ালে পানি দিচ্ছিলেন নাজির। ওই ভবনটি ঘেঁষেই ছিল এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইন। এ সময় অসাবধানতাবশত নাজিরের হাত বিদ্যুৎ লাইনের সঙ্গে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। পরে নাজিরকে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়দার আলী বলেন, হাসপাতালের জরুরি বিভাগ মর্গে নাজির হোসেনের লাশ রাখা হয়েছে।